চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএর মার্কেটিং বিভাগের ছাত্র মো. হারুন-অর রশিদ ওরফে কায়সার হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। তিনি গতকাল ঘটনাস্থল বড়দীঘিরপাড় এলাকা পরিদর্শন করেন। গত সোমবার সকালে চট্টগ্রামের চৌধুরীহাট ও সেনানিবাস স্টেশনের মাঝামাঝি বড়দীঘিরপাড় এলাকার রেললাইনের কাছে হারুনের লাশ পাওয়া যায়। রোববার বিকেলে কম্পিউটার কোর্সের ক্লাস করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে শহরের উদ্দেশে যান। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হারুন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. সহিদউল্লাহ বলেন, ‘আমি আজ (বৃহস্পতিবার) ঘটনাস্থল বড়দীঘিরপাড় এলাকা পরিদর্শন করেছি। সেখানে পাঁচ-ছয়জনের সঙ্গে কথাও বলেছি। তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে অনেক খুঁটিনাটি বিষয়ের বিশ্লেষণ ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। দু-তিন দিন পর হয়তো আমরা কিছু বলতে পারব।’ পুলিশ সূত্র জানায়, হারুন হত্যাকাণ্ড যে পরিকল্পিত, তা তারা প্রায় নিশ্চিত। একাধিক ব্যক্তি এই হত্যাকাণ্ডে অংশ নেয়।