হারুনের ব্যাংক হিসাবে ছয় কোটি টাকা সরানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ডেসটিনি ২০০০ লিমিটেড ও ট্রি প্ল্যান্টেশন প্রকল্প থেকে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে প্রায় ছয় কোটি টাকা গিয়েছে বলে স্বীকার করেছেন। গতকাল রোববার হারুন-অর-রশিদকে জিজ্ঞাসাবাদের পর দুদক সূত্র এ কথা বলেছে। দুদকের প্রধান কার্যালয়ে হারুন-অর-রশিদকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে বলেন, হারুন স্বীকার করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাবে পাঁচ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা ‘সরানো হয়েছে’। এ অর্থ বেতন-ভাতা, সম্মানী, লভ্যাংশ, বিশেষ ভাতা বা কমিশনের আকারে তাঁর ব্যাংক হিসাবে গিয়েছে বলে তিনি দাবি করেন। সকাল সোয়া ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হারুন-অর-রশিদকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। তদন্ত দলের সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ উপপরিচালক বেনজির আহমেদ, মাহমুদ হাসান, নুরুল হক ও আখতার হামিদ ভূঁইয়াও এ সময় উপস্থিত ছিলেন।জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান জেনারেল হারুন। তিনি শুধু বলেন, ‘ডেসটিনির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’দুদকের সর্বশেষ অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনির ২২ শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে ঋণ, লভ্যাংশ ও কমিশন হিসাবে মোট এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৪ টাকা অবৈধ উপায়ে স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে।