হারুনের স্বপ্ন পূরণ হবে?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এখন শুধু রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে পারেননি হারুন অর রশিদ।
হারুনের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তাঁর বাবা এজাব আলী দিনমজুর, মা রওশন আরা কৃষিশ্রমিক, ছোট ভাই হোটেলশ্রমিক। হারুন নির্মাণশ্রমিকের কাজ করেন। নিজেদের জমি নেই। অন্যের জমিতে দুটি ছনের ঘরে তাঁরা থাকেন। সংসারে নিত্য অভাব।
হারুন প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে এসএসসিতে উপজেলার ভান্ডারদহ জনতা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। এরপর বাবার সঙ্গে দিনমজুরি ও নির্মাণশ্রমিকের কাজ করেন। খেয়ে না খেয়ে স্কুল-কলেজে যাওয়া-আসা আর পড়াশোনা চালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় স্থানীয় আদর্শ ডিগ্রি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। এ বছর চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় সি ইউনিটে ১৬৩তম স্থান দখল করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মেধাতালিকায় ১২০তম ও ডি ইউনিটে ২৪তম স্থান লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এফ ইউনিটে মেধাতালিকায় ২২তম ও রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে মেধাতালিকায় ১৮তম ও সি ইউনিটে ২২তম স্থান অর্জন করেন।
হারুন অর রশিদ বলেন, ‘রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ১১ হাজার ৮০০ টাকা প্রয়োজন। দুটি ইউনিটে ভর্তির শেষ তারিখ ১৮ ও ১৯ জানুয়ারি। কিন্তু টাকা তো জোগাড় হয়নি। তারপর না হয় পড়াশোনা চালিয়ে নেব কেমনে সেই ভাবনা ভাবতাম। আমার স্বপ্ন ছিল উচ্চতর পড়াশোনা শেষ করে শিক্ষক হব। সেই স্বপ্ন পূরণ হবে না!’
মা রওশন আরা বলেন, ‘অত টাকাতো হামার নাই। তাই লেখাপড়া করিবে কেমন করি? এখন দিনমজুরিরও তেমন কোনো কাজকাম নেই।’