হারের বড় কারণ অনৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা দলের প্রার্থী মনোনয়ন দেওয়া নিয়ে আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী নেতার ক্ষোভ ছিল, যার প্রভাব পড়েছে ভোটে। অথচ বিএনপি-সমর্থিত নীল প্যানেলের মনোনীত প্রার্থীদের জেতানোর জন্য দলটির জ্যেষ্ঠ আইনজীবী নেতারা ছিলেন ঐক্যবদ্ধ। সরকার সমর্থক বেশ কয়েকজন আইনজীবী নেতা মনে করছেন, বিএনপিপন্থী আইনজীবী নেতারা নীল দলকে জেতানোর জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, আওয়ামীপন্থী আইনজীবী নেতারা সেভাবে করেননি।

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৮-১৯) নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পান বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল দল) সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা জয় পান ৪টি পদে। সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়নুল আবেদীন ভোট পান ২ হাজার ৩৬৯। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ইউসুফ হোসেন হুমায়ুন ভোট পান ২ হাজার ৩১৫। ভোটের পার্থক্য ৫৪। আর সম্পাদক পদে বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকনের তুলনায় আওয়ামী লীগের শেখ মো. মোরশেদ ৪৪১ ভোট কম পেয়েছেন। তাঁর ভোট ২ হাজার ১৭৫।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, আওয়ামীপন্থী আইনজীবীরা স্লোগানে যতটা কাজের, বাস্তবে ততটা নয়। বিএনপি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইনজীবী ভোটারদের সঙ্গে যোগাযোগ করে আনাতে ওস্তাদ। এসব ভোটারের ভোট বড় ভূমিকা পালন করেছে। বাসেত মজুমদার আরও বলেন, অনেক ভোটার আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থীকে ভোট দিয়েছেন। এগুলোর কী অর্থ দাঁড়ায়?

সভাপতি পদে নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনও মনে করছেন হারার পেছনে সাদা দলের কোথাও না কোথাও ঘাটতি ছিল। প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচনে নানা ধরনের রাজনীতি থাকে। তবে জাতীয় রাজনীতির প্রভাব এই নির্বাচনে খুব একটা কখনো পড়ে না। আইনজীবীরা যাঁকে যোগ্য মনে করেছেন, তাঁকে নির্বাচিত করেছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীপন্থী একজন জ্যেষ্ঠ আইনজীবী নেতা প্রথম আলোকে বলেন, সাদা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অতটা পরিচিত নন। দলীয় কর্মকাণ্ডেও মাঠে দেখা যায় না। তাঁকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সরকারদলীয় একজন প্রভাবশালী আইনজীবীর ভূমিকা ছিল বেশি। এমন লোককে মনোনয়ন দেওয়ার পর জ্যেষ্ঠ আইনজীবীরা ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছিল। নির্বাচনে এর প্রভাব পড়েছে।

কয়েক বছর ধরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের কাছে হেরে যাচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। গত বছরও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী আবদুল মতিন খসরু ও রবিউল আলম বিএনপির একই প্রার্থীদের কাছে হেরে যান। তখন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করেছিলেন, আওয়ামীপন্থী আইনজীবীদের দুটি সংগঠনের দ্বন্দ্বের কারণেই এমন হার। এ জন্য গত বছরের ১২ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর দুটি সংগঠন এক করে নাম দেওয়া হয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তারপরও পরাজয় এড়ানো যায়নি।

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ কেন বারবার হেরে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের দল। আমরা বারবারই হেরে যাচ্ছি। কিন্তু কেন হেরে যাচ্ছি, তা তলিয়ে দেখা জরুরি। তবে অন্তঃকোন্দল বড় কারণ বলে মনে করি।’

সাদা দলের পরাজয়ের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘সাদা দলের হয়ে নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। কেন এই পরাজয়, তা পর্যালোচনা করা হচ্ছে।’

সুপ্রিম কোর্ট বারের দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, আইনজীবীদের চাওয়া-পাওয়া নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনজীবীরা যাঁদের যোগ্য মনে করেছেন, তাঁদের নির্বাচিত করেছেন।

নির্বাচিত সভাপতি জয়নুল আবেদীন মনে করেন, ‘আইনজীবীদের পাশে সব সময় থেকেছি। আইনজীবী ভাইদের কাছ থেকে তার প্রতিদান পেয়েছি।’