জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
হার্টের ভাল্বের অভাব, অস্ত্রোপচারের জন্য দীর্ঘ অপেক্ষা রোগীদের
হূদ্যন্ত্রে স্থাপনের জন্য ভাল্বের (হার্টের ভাল্ব) অভাবে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গরিব রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। অপেক্ষা করতে করতে কোনো কোনো রোগী হাসপাতাল থেকে চলে গিয়ে মারা গেছেন—এমন নজিরও আছে। তবে এই সংকট কাটাতে কর্তৃপক্ষের উদ্যোগের অভাবও রয়েছে বলে অভিযোগ আছে। হাসপাতাল সূত্র জানায়, হূদযন্ত্রের ভাল্ব গরিব রোগীদের হাসপাতাল থেকে স্বল্পমূল্যে দেওয়া হয়। রোগীরা এ জন্য নির্ধারিত ১০ হাজার টাকা জমা দিয়ে আবেদন করে এই ভাল্ব ও অক্সিজেনেটর (ভাল্ব প্রতিস্থাপনের সময় রক্ত সঞ্চালন চালু রাখার যন্ত্র) পান। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান, প্রতিবছর দরপত্র আহ্বান করে হার্টের ভাল্ব ও অক্সিজেনেটর কেনা হয়। এখন হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত ভাল্ব মজুদ থাকার কথা বলছে। কিন্তু রোগীরা তা পাচ্ছেন না। ফলে অস্ত্রোপচারের জন্য তাঁদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। গত ১৩ মে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল হোসেইন খান চৌধুরীর সই করা এক চিঠিতে বলা হয়, ‘হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ হার্টের ভাল্ব ও অক্সিজেনেটর মজুদ রহিয়াছে যাহার স্টেরিলাইজেশন মেয়াদ সন্নিকটে। জরুরিভাবে হাসপাতালে আগত রোগীরা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরম পূরণ করে হার্টের ভাল্ব ও অক্সিজেনেটরের জন্য আবেদন করিতে পারিবেন।’ এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে অনুরূপ চিঠি দিয়েছে বলে জানা গেছে। রংপুরের দিলালপুরের মো. মজিবর রহমান সবদারের হার্টের ভাল্ব অকেজো হয়ে গেলে তিনি হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন। দরিদ্র এই রোগী ভাল্ব ও অক্সিজেনেটরের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বিনা মূল্যে পাওয়ার অনুমোদন পেলেও শেষ পর্যন্ত তাঁকে ভাল্ব দেওয়া হয়নি। চিকিৎসকেরা তাঁকে গত ৩ মে ছাড়পত্র দেন। সবদারের স্বজনেরা জানান, ভাল্ব প্রতিস্থাপন না হওয়ায় তাঁর অবস্থার অবনতি ঘটে এবং গ্রামের বাড়িতে গিয়ে তিনি মারা যান। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছেন গৃহবধূ লোটাস বেগম (৪৫)। বিছানার পাশে উদ্বিগ্ন স্বামী আজমত ফকির ঝিনাইদহের শৈলকুপার একজন দরিদ্র কৃষক। তিনি প্রথম আলোকে বলেন, গত ১৮ মার্চ হাসপাতালের পরিচালকের কাছে ভাল্ব ও অক্সিজেনেটরের জন্য আবেদন করলে তিনি অনুমোদন দেন। ১০ হাজার টাকাও জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ভাল্ব মেলেনি। কবে পাওয়া যাবে, তারও নিশ্চয়তা নেই। একই ওয়ার্ডের ১৫ নম্বর বিছানায় চিকিৎসাধীন পিয়ারা বেগমের (৪৫) ছেলে রবিউল আউয়াল বলেন, গত ১৮ মার্চ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলেও ভাল্ব মিলছে না। তাঁদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তা সত্ত্বেও তাঁর মায়ের জন্য দামি সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়। কিন্তু ভাল্ব প্রতিস্থাপন না হওয়ায় তাঁর মায়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। একাধিক চিকিৎসক বলেন, আসলে ভাল্বের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। তবে একেকজন রোগীর জন্য ভিন্ন ভিন্ন মাপের ভাল্ব দরকার হয়। সে ক্ষেত্রে প্রয়োজন হলে ভাল্ব সরবরাহকারী প্রতিষ্ঠান মজুদ থাকা ভাল্ব বদলে প্রয়োজনীয় মাপের ভাল্ব দিতে বাধ্য। কিন্তু হাসপাতালের পরিচালক এ ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছেন না। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হার্টের ভাল্বের সংকটের বিষয়ে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে হার্টের ভাল্ব পাওয়া গেলে গরিব রোগীদের হূদযন্ত্রে প্রতিস্থাপন করা যাবে।