সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট (পুরোনো জেলাখানা) এলাকায় তলদেশ থেকে বালু সরে যাওয়ায় বাঁধটি নতুন করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ এলাকায় বালুর বস্তা ফেলার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। পাউবো সূত্রে জানা গেছে, ইতিপূর্বের হার্ডপয়েন্টের ধসে যাওয়া স্থান থেকে প্রায় ১০০ মিটার দক্ষিণে পুরোনো জেলখানার সন্নিকটে সিঁড়ির নিচের সিসি ব্লকের তলদেশ থেকে বালু সরে যাওয়ায় এই এলাকার ১৫-২০ মিটার এলাকা দুই ফুট নিচু হয়ে গেছে। যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি ও পানির ঘূর্ণাবর্তের কারণে এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহর রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনের জন্য সরকার ইতিমধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু করলেও বাঁধের দু-একটি স্থান এখনো ঝুঁকিপূর্ণ। গত বছরের ১০ ও ১৭ জুলাই দুই দফা ভাঙনে শত বছরের গ্যারান্টি দেওয়া সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ২২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বছরের শুরুতে জরুরি ভিত্তিতে এই ভাঙা অংশের কাজ শুরু হয়ে গত মাসে শেষ হয়েছে। কয়েক দিন আগে ডুবুরিরা প্রথমে পুরোনো জেলখানা ঘাটসংলগ্ন পানির নিচে সামান্য নিচু দেখতে পায়। ৬ জুন জরিপের ভিত্তিতে এ ঝুঁকির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সিরাজগঞ্জ পাউবোর বিআরই (বিশেষায়িত) শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিও ব্যাগ ফেললে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।