হার্ডিঞ্জ ব্রিজ আরও ২৫ বছর টিকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের পর ১০০ বছর পূর্ণ হলেও দেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ আরও ২৫ বছর টিকে থাকবে। তবে নিরাপদ রাখতে হার্ডিঞ্জ ব্রিজের আশপাশে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
গতকাল রোববার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শনে এসে দেশি-বিদেশি সেতু বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সাংবাদিকদের এ কথা জানান। হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষে পদার্পণ উপলক্ষে দেশি-বিদেশি ওই বিশেষজ্ঞ দল সেতুটি পরিদর্শন করলেন।
দেশের দর্শনীয় ও গুরুত্বপূর্ণ এই স্থাপনা দেখার জন্য সকাল নয়টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ‘হার্ডিঞ্জ ব্রিজ শতবর্ষ পূর্তি স্পেশাল ট্রেন’ নামের একটি ট্রেন পাকশীর উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ গ্রুপ অব ইন্টারন্যাশনাল ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রকৌশল সংগঠন ওই ট্রেনযাত্রার আয়োজন করে। ট্রেনের পরিচালক আফজাল হোসেন জানান, ট্রেনটিতে ১৫০ জন দেশি-বিদেশি যাত্রী ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি পাকশী রেলস্টেশনে পোঁছায়।