হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন ও মাটি কাটা গতকাল বুধবার থেকে বন্ধ রয়েছে।ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) এ জেড মোর্শেদ আলী বলেন, উপজেলা প্রশাসন গতকাল থেকে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে বালু উত্তোলনকারীদের ড্রেজার, নৌকাসহ সব সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গতকাল দুপুর দুইটা থেকে বালু উত্তোলনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন।এর আগে গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এ জেড মোর্শেদ আলী পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা প্রকাশিত সংবাদের সত্যতা পেয়ে দ্রুততম সময়ের মধ্যে বালু উত্তোলনকারীদের হার্ডিঞ্জ ব্রিজ থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দেন।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকশী প্রান্তে ব্রিজের ৪ নম্বর পিলারের কাছ থেকে বালু উত্তোলনের জন্য নদীতে নামানো ড্রেজার মেশিনটি সরিয়ে ফেলা হয়েছে।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, হার্ডিঞ্জ ব্রিজের দেড় কিলোমিটারের মধ্যে কোনো ড্রেজার মেশিন নামতে দেওয়া হবে না। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান।