হার্ডিঞ্জ ব্রিজের পাদদেশে শত বছরের স্মৃতি
একটি জন্মদিনের অনুষ্ঠানে যা যা থাকে, সেসবের কোনোটিরই কমতি ছিল না। বেলুন ওড়ানো, কেক কাটা, মোমবাতি জ্বালানো—সবই ছিল। যদিও জন্মদিনটি কোনো মানুষের নয়। নয় অন্য কোনো প্রাণীরও। একটি জড়বস্তু, সেতুর। যার নাম হার্ডিঞ্জ ব্রিজ।
বলা হলো জড়বস্তু। কিন্তু এই তো সেই সেতু, শত বছর ধরে যার বুকের ওপর দিয়ে লক্ষ-কোটি মানুষ রেলপথে ভ্রমণ করেছে। স্পন্দনহীন একটি বস্তু হয়েও মানুষের জীবনের প্রবাহে নিয়েছে অসামান্য ভূমিকা। তার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন তো এমনটাই হওয়া চাই।
গতকাল বুধবার হার্ডিঞ্জ ব্রিজের ১০০ বছরপূর্তি উপলক্ষে তাই ছিল নানা আয়োজন। উপমহাদেশের তৎকালীন সর্ববৃহৎ রেলসেতু পাকশী হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠান হলো সেতুর পাদদেশে। প্রমত্তা পদ্মা নদীর ওপর তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ১৯১৫ সালের ৪ মার্চ সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর নামানুসারেই রাখা হয় সাঁড়া সেতুর নাম। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর সাঁড়া গ্রামে সেতুটি গড়ে উঠেছিল বলে এলাকার অনেকেই একে সাঁড়ারপুল নামে চেনে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসর ও স্পন্দন সাউন্ড সিস্টেম সেতুর পাদদেশে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। নৃত্য ও গানে মেতে ওঠে হাজার হাজার মানুষ সেতুর সবুজ প্রান্তরজুড়ে। এ যেন এক উৎসব। অনুষ্ঠানের আলোচনা সভার উপস্থিত সবাই স্থানীয় বিশিষ্টজন। সেতুটিকে ঘিরে তাঁদের স্মৃতি তুলে ধরলেন বক্তৃতায়। প্রবীণ শ্রমিকনেতা জসিম উদ্দিন মণ্ডল বললেন, ‘শৈশবে প্রমত্তা পদ্মা দেখেছি। এর ওপরে ছিল আমাদের হার্ডিঞ্জ ব্রিজ। এখন পদ্মায় পানি নেই। শুধু ব্রিজটিই দাঁড়িয়ে আছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আজিজুর রহমান শরীফ হার্ডিঞ্জ ব্রিজকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্ডিঞ্জ ব্রিজ শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ।