হার্ডিঞ্জ সেতুর নিচ থেকে বালু তুলছেন আ.লীগ নেতা
পাবনার পাকশী হার্ডিঞ্জ সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা হচ্ছে। এতে সেতু ও সেতু রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এনামুল হক বিশ্বাস ও তাঁর লোকজন কয়েক মাস ধরে সেতুর সীমানার ভেতর থেকে বালু উত্তোলন ও মাটি কাটছেন।শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুর পাকশী প্রান্তে ৪ নম্বর পিলারের দুই-আড়াই শ গজের মধ্যে একটি ড্রেজার মেশিন বসানো হয়েছে। সেখানে নদী থেকে বালু তুলে বিক্রি করা হচ্ছে। ৩ নম্বর পিলারের কাছে শ্রমিকেরা সেতুর নিচ থেকে (পিলার ঘেঁষে) বালু ও মাটি তুলে ট্রাক বোঝাই করছেন। মাটি কাটার ফলে পিলারের কাছে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতু রক্ষা বাঁধের ওপর দিয়ে ট্রাকে করে বালু ও মাটি আনা-নেওয়ার ফলে বাঁধের অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে।বালু উত্তোলন ও মাটি কাটার কাজ তদারকি করেন পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য তুহিন মালিথা। তিনি জানান, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বিশ্বাস ও তাঁর লোকজন ইজারা নিয়ে বালু ও মাটির ব্যবসা করছেন। তুহিন জানান, বালু ভেদে প্রতি ট্রাক এক হাজার থেকে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন ও মাটি কাটা নিষিদ্ধ জেনেও তিনি নেতার নির্দেশে এই কাজ করছেন।বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত শ্রমিকেরা জানান, প্রতিদিনই ড্রেজার মেশিন দিয়ে সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারশ্রমিক শাহীন আলম জানান, এনামুল হক বিশ্বাস তাঁদের এখানে ভাড়ায় নিয়ে এসেছেন। তাঁরা তাঁর হয়ে এখান থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন। পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু দপ্তর সূত্র জানায়, হার্ডিঞ্জ ব্রিজ রক্ষা বাঁধ এলাকার দুই হাজার ফুট ও হার্ডিঞ্জ ব্রিজের পিলারের এক কিলোমিটারের মধ্যে কোনো ধরনের মাটি কাটা ও বালু উত্তোলন নিষেধ।পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী সেলিম রউফ বলেন, প্রতিদিন মাটি কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি পাবনার জেলা প্রশাসক ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু তা বন্ধ হচ্ছে না। তিনি বলেন, বালু উত্তোলন ও মাটি কাটার কারণে সেতু হুমকির মুখে পড়েছে।পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বিশ্বাস জানান, সেতুর নিচ এলাকা থেকে তাঁরা বালু বা মাটি তুলছেন না। অন্য এলাকা থেকে নৌকা বোঝাই করে বালু এনে এখান থেকে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয় ও পাবনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি পদ্মা নদীর দাদাপুর থেকে সাঁড়া ঘাট পর্যন্ত ১৩টি মৌজা ইজারা নিয়েছেন। তাঁর দাবি, সেতুর কাছে কোনো ড্রেজার মেশিন বসানো হয়নি।