হার্ভার্ডে আমন্ত্রণ পেলেন দুদক কমিশনার
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ। বিশ্ববিদ্যালয়টির কেনেডি স্কুলে, ‘বিল্ডিং ক্যাপাসিটি টু ইউজ রিসার্চ এভিডেন্স ইন্টারন্যাশনাল ট্রেইনিং অব ট্রেনারস’ কোর্সে অংশ নিতে তাঁকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।
কোর্সটি আগামী মাসের ৮ থেকে ১০ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ওই কোর্সে বিশ্বের খ্যাতিনামা অধ্যাপকেরা গবেষণা ও নীতি তৈরির ওপর বক্তব্য দেবেন। ওই ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নাসিরউদ্দীন ৬ ফেব্রুয়ারি বোস্টনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি দেশের তথ্যভিত্তিক পলিসি প্রণয়নে অবদান রাখতে চান।
নাসিরউদ্দীন আহমেদ ২০১৩ সালের ২৭ জুন কমিশনার হিসেবে দুদকে যোগ দেন। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেন।