হাল ছাড়েনি ওরা
শত অভাব-অনটনের মধ্যেও হাল ছাড়েনি তারা। তাদের কেউ দিনমজুর, কেউ মায়ের পেশায় সহায়তা করে, কারও ঘরে পরীক্ষার দিনেও খাবার ছিল না। কেউ আবার কেরোসিনের টাকার অভাবে শুধু দিনের বেলাই পড়াশোনা করেছে, কেউ সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়েছে, কারও মা ঝিয়ের কাজ করেন। কারও বাবা রিকশা চালান। এমন সব টানাপোড়েনের সংসারেও নানা প্রতিকূলতার মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় তারা জিপিএ-৫ পেয়েছে। তাদের কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক আবার কেউবা হতে চায় শিক্ষক। এসএসসিতে অসাধারণ সাফল্য অর্জন করে লক্ষ্যের পথে এক ধাপ এগিয়ে গেলেও স্বপ্ন পূরণে তাদের প্রধান বাধা আর্থিক সামর্থ্য। পরবর্তী পর্যায়ের পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সে চিন্তাই ভর করেছে তাদের মনে।হতদরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ পাওয়া এমন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়। শুকরিয়া খাতুন: খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে বিলের মধ্যে দরজাবিহীন গোলপাতার ছোট্ট ঘরে শুকরিয়া খাতুনদের বসবাস। তিন ভাইবোনোর মধ্যে সবার বড় শুকরিয়া। বাবা দিনমজুর ইসলাম আলী খান অসুস্থ। শুকরিয়া ও তার মা কারচুপির (কাপড়ে নকশা আঁকা) কাজ করে যে আয় হয় তাতে চলে তাদের সংসার। শুকরিয়া ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। শুকরিয়ার মা জোহরা বেগম বলেন, ‘মায়েডার লিখাপড়া শিখে ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। কিন্তু আমাগে কোনো আর্থিক সামর্থ্য নাই।’ রিপন কুমার: গণিত পরীক্ষার দিন সকালে ঘরে কোনো খাবার ছিল না। শধু এক গ্লাস পানি খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল রিপন কুমার। তার দিনমজুর বাবা সুবল সরকার অসুস্থ। মা ঝিয়ের কাজ করেন। তাতে পাঁচ সদস্যের সংসার চলে না। তাই রিপনকে দিনমজুরি করতে হয়। রিপনদের বাড়ি রাজশাহীর বাঘা পৌরসভার কলিগ্রাম মহল্লায়। সে উপজেলার কালিদাসখালী উচ্চবিদ্যালয় থেকে এবার মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। রিপনের মা কুসুমা রানী বলেন, ‘সংসারের খরচ জোগাড় করতে রিপন দিনমজুরি করে। জুয়েল রানা: কেরোসিন কেনার টাকা ছিল না বলে দিনের বেলায় পড়াশোনা করত জুয়েল রানা। অভাবের সংসারে প্রায়ই পেট পুড়ে খেতে পারেনি। প্রাইভেট পড়িয়ে মাসে যে এক হাজার টাকা আয় হতো তা দিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছে। জুয়েল কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালুডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা গ্রামের জুয়েলের বাবা আফজাল হোসেন ঢাকায় রিকশা চালান। ভবিষ্যতে ডাক্তার হতে চায় জুয়েল। কিন্তু টাকার অভাবে তার কলেজে ভর্তি হওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে।জুয়েল রানা জানায়, তার বিদ্যালয়ের দুজন শিক্ষকের টাকায় তার ফরম পূরণ হয়েছে। আবু বক্কর সিদ্দিকী: ছয় বছর আগে বাবাকে হারিয়েছে আবু বক্কর সিদ্দিকী। এরপর মা খালেদা বেগম আয়ার কাজ করে তাকে পড়িয়েছেন। আবু বক্কর ফরিদপুর শহরের জোহরা বেগম উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আবু বক্কর জানায়, ফরম পূরণের টাকা তার মাকে খুব কষ্টে জোগাড় করতে হয়েছে। কয়েকজন শিক্ষক টাকা ছাড়াই তাকে প্রাইভেট পড়িয়েছেন। স্কুলের সহযোগিতাও মিলেছে।. আবু বক্কর জানায়, ‘শত অভাবের মধ্যে পড়াশোনা করেছি; একটাই আশা, প্রকৌশলী হব। আবু বক্করের মা বলেন, ‘সামনে পড়াশোনার অনেক খরচ। আমার এ ব্যয়ভার বহন করার ক্ষমতা কোথায়?’সীমা আক্তার: নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের দিনমজুর আবদুল বারিকের মেয়ে সীমা আক্তার ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আগামী দিনে সীমার লেখাপড়ার খরচ জোগাড় করা নিয়ে তার পরিবার চিন্তিত। টাকার অভাবে তাকে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরের স্কুলে হেঁটে যাওয়া-আসা করতে হতো। গ্রামের লোকজনের অর্থ-সহায়তায় তার এসএসসির ফরম পূরণ হয়েছে। সে আরও পড়াশোনা করতে চায়। কিন্তু অভাবের সংসারে সেই ইচ্ছা পূরণ হবে কি না, তা নিয়ে সব সময় চিন্তায় দিন কাটছে তার।হাসনা হেনা: ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয় থেকে কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে হাসনা হেনা। ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের দরিরামপুরের বাসিন্দা হাসনা হেনা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। তার বাবা ইউনুস আলী দিনমজুর। হাসনার মা জহুরা খাতুন ঝিয়ের কাজ করেন। তিনি বলেন, ‘সংসারে খুব অভাব, তাই মেয়েকে ঠিকমতো খাবার-পোশাক দিতে পারিনি, কিন্তু এখন কীভাবে পড়াব?’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পান্না বালা ফরিদপুর, কাজী আবদুল্লাহ, খুলনা, রমেশ কুমার, নান্দাইল (ময়মনসিংহ), আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী আলমগীর কবীর, ত্রিশাল, মঞ্জুরুল হান্নান উলিপুর (কুড়িগ্রাম)]