হালকা কৃষি প্রকৌশল শিল্পের বিকাশে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান হালকা প্রকৌশল শিল্পের বিকাশ, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এসএমই ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এসএমই খাতের ঋণ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আতিউর রহমান বলেন, হালকা প্রকৌশল একটি দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাপান, তাইওয়ানের মতো দেশগুলো প্রথমে হালকা প্রকৌশল শিল্প দিয়ে শুরু করে আজ বিশ্বদরবারে শিল্পোন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবেশী দেশ ভারতেও হালকা প্রকৌশল শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। গভর্নর বলেন, হালকা কৃষি প্রকৌশলী যন্ত্রপাতি তৈরির জন্য বগুড়া একটি সম্ভাবনাময় এলাকা। বগুড়ায় এ শিল্প বর্তমানে যে অবস্থায় রয়েছে, তার সম্পূর্ণ কৃতিত্ব এখানকার ফাউন্ড্রি অ্যাসোসিয়েশনের মালিক ও শ্রমিকদের। এখানকার উৎপাদিত কৃষি যন্ত্রপাতি দেশের প্রায় ৮০ শতাংশ চাহিদা মেটায়, যার আর্থিক মূল্য হবে পাঁচ শতাধিক কোটি টাকা। তবে সম্ভাবনাময় এ শিল্পের কিছু সমস্যাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বগুড়ার মহাব্যবস্থাপক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী পরিচালক হারুনর রশিদ, বগুড়ার উপমহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ চৌধুরী, বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ। পরে গভর্নর এসএমই ঋণ বিতরণ করেন। এর আগে বেলা ১১টার দিকে শহরের সেন্ট্রাল বিদ্যালয় মাঠে বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আয়োজনে কৃষিভিত্তিক হালকা প্রকৌশল যন্ত্রপাতি প্রদর্শনী মেলা-২০১১ উদ্বোধন করেন গভর্নর। মেলায় ৪৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ১০৮টি সংস্থা স্টল দিয়েছে।