হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি এ ধারা আগামী দুদিনও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।
আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ৬৪ মিলিমিটার। এর বাইরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে রয়েছে চাঁদপুরে ৩৫, বগুড়ায় ৩৪ ও চট্টগ্রামে ২৮ মিলিমিটার।
এ সময়ে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৭ মিলিমিটার।
গতকাল দেশে সর্বোচ্চ ডিমলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন কক্সবাজারে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৯ দশমিক ৯ ও সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, কাল ও পরশু বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাড়তি পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ের মধ্যে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।