হালখাতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান কাটা শেষ হওয়ার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুরু হয়েছে হালখাতা উৎসব। উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় প্রতিদিনই চলছে হালখাতার আয়োজন।
গত রোববার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের কমপক্ষে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতার আয়োজন করা হয়। হাটের দিন হওয়ায় একসঙ্গে সবাই হালখাতার আয়োজন করেছেন বলে জানান ব্যবসায়ীরা।
তবে বাকিতে পণ্য কেনা পাঁচজন বলেন, একসঙ্গে অনেক হালখাতা থাকলে পাওনা পুরোটা শোধ করা কঠিন হয়ে পড়ে।
মেহেদী হাসান পাঠান নামের একজন ব্যবসায়ী বলেন, হালখাতায় পাওনা টাকার প্রায় পুরোটাই উঠে এসেছে। জুয়েলার্স ব্যবসায়ী রামনারায়ণ দত্ত বলেন, বাকি দিয়েই ব্যবসা করতে হয়। কিন্তু বছর শেষে হালখাতায় অনেকে ঠিকমতো টাকা দেয় না। ফলে নানা রকম সমস্যা হয় বলে তিনি জানান। তারপরও বছরের একটি দিনে সব গ্রাহককে মিষ্টিমুখ করাতে পারেন বলে ভালো লাগে তাঁর।
লক্ষ্মীকোলা গ্রামের আজিজুল হক বলেন, আগে শুধু পাইকারি ব্যবসায়ীরা হালখাতা করলেও এখন সবাই এটা করেন। মূলত ধান কাটা শেষে হালখাতা এখন একটি উৎসবের মতো হয়ে গেছে। ঝাপড়া এলাকার শিক্ষক প্রকাশ কুমার পাল বলেন, ‘বাকি না থাকলেও অনেক ব্যবসায়ী খাতির করে কার্ড দেন। বন্ধুদের সঙ্গে নিয়ে মজা করে মিষ্টিমুখ করে আসি।’
ধানগড়া এলাকার প্রবীণ নূরভানু বেগম বলেন, আগে হালখাতায় কার্ড দেওয়া হতো না। কিন্তু হাটবারে হালখাতার মিষ্টির জন্য বাড়ির বউ-ঝিরা অপেক্ষা করে থাকত।
ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, আগে হালখাতায় চিড়া-দই ও নানা রকমের মিষ্টি খাওয়ানো হতো। এখন কিছুটা পরিবর্তন হয়েছে। হালখাতার সেই জৌলুশ না থাকলেও রীতিটা এখনো টিকে আছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।