
পয়লা বৈশাখের দুই দিন আগের এক সকাল। তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনের লোকেরা তখনো সকালের নাশতা কিনতে দোকানগুলোর সামনে এসে দাঁড়াচ্ছেন। পথের ওপর তরকারি আর সবজির পাশাপাশি বিক্রি হচ্ছে পূজার ফুল। এই এলাকাটায় অনেক স্বর্ণালংকারের দোকান। প্রতিটি দোকানের সামনে একটা বোর্ডে বড় করে ‘বন্ধক’ আর ছোট করে ‘নেওয়া হয়’ লেখা। সারা বছর এই দোকানগুলোতে চলে সোনা বন্ধকি কারবার। আর সেসব লিখে রাখা হয় টুকটুকে লাল মলাটের খাতায়। পুরোনো হতে হতে সেই খাতার ওপরের লাল অংশ কালচে হয়ে যায়। ভেতরটাও ভরে ওঠে জমা-খরচের হিসাবে। পুরোনো বছরের হিসাব শেষ করে নতুন বছরের হিসাব খোলা হয় লাল মলাটের নতুন আরেকটি খাতায়। এভাবে খাতাকে হালনাগাদ করাকেই হালখাতা বলা হয়।
বৈশাখের শুরুতে গ্রাম-বাংলার ঘরে ঘরে উঠত নতুন ফসল। সারা বছর দোকানগুলোতে চলত নগদে-বাকিতে জিনিসপত্র নেওয়া। নতুন ধান উঠলে নগদ টাকার বদলে ধান দিয়ে বাকি পরিশোধ করতেন কৃষকেরা। কে কত টাকা বাকি নিচ্ছেন, সেসব লেখা হতো খাতায়। সেই ব্যবস্থার খানিকটা বদলেছে। এখনো মানুষ খুচরা দোকানিদের কাছ থেকে বাকিতে জিনিসপত্র কেনেন। পরে নগদ অর্থে দাম পরিশোধ করেন। সেই বাকির হিসাবও লিখে রাখা হয় ওই লালখাতায়। বাঙালি জানেন, বৈশাখের প্রথম দিনে দোকানিকে বাকি শোধ করতে গেলে তাঁরা আপ্যায়ন করেন। এটাই হালখাতার ঐতিহ্য। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন ছিল ‘রাজপুণ্যাহ’ ও ‘হালখাতা’। প্রথমটি বিলুপ্ত হয়েছে। পরেরটি বিবর্তিত হয়ে এখনো রয়ে গেছে।
পুরান ঢাকায় হালখাতা করা হয় চৈত্রের শেষ দিনটিতে। আর এই খাতার ব্যবহার এখন সব থেকে বেশি করেন স্বর্ণ ব্যবসায়ী, চালের আড়তদার ও মুদি দোকানিরা। চ্যাপ্টা, মোটা, চার কোনা, ছোট-বড় নানা আকারের সাদা ও লাইন টানা সেসব খাতা। কেউ বলে সালুখাতা, কেউ বলে হালখাতা আবার কেউ বলে লালখাতা। যে নামেই ডাকা হোক না কেন, কাজ ওই জমা-খরচের হিসাব টুকে রাখা। ২০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত পাইকারি দামে খাতাগুলো বিক্রি হয়। আর খুচরা ৫০ থেকে ৮০০ টাকায়। ধনাঢ্য ব্যবসায়ীদের খাতা আবার চামড়ায় মোড়া। সেসবের দাম ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
সাধারণত স্টেশনারি ব্যবসায়ীরা ফরমায়েশ দিয়ে খাতাগুলো বানিয়ে নেন। কারিগরদের কাছ থেকে কিনে নিয়ে কেউ কেউ খুচরাও বিক্রি করেন। তাঁতীবাজারের পথের ওপর মো. ফরহাদ নামের একজনকে পাওয়া গেল খাতা বিক্রি করছেন। তিনি জানালেন, পয়লা বৈশাখ আর দুর্গাপূজায় তিনি এই খাতা বিক্রি করেন। সারা বছর এর চাহিদা থাকলেও এই দুই সময়ে সব থেকে বেশি চলে। আতিয়ার নামে কাছেই এক কারিগর এসব তৈরি করেন।
আতিয়ারের ঘরে গিয়ে তাঁকে পাওয়া গেল না। ঘরের ভেতরে যত্রতত্র ছড়িয়ে বসে খাতা সেলাই করতে দেখা যায় মোক্তার মোল্লাসহ আরও চার তরুণকে। এঁরা সবাই আতিয়ারের বাঁধাইকর্মী। বৈশাখের আগে এই কর্মী বাহিনীর এতই ব্যস্ততা থাকে যে, দম ফেলার সময়টুকুও বিক্রি করে দেন তাঁরা। বৈশাখের আগে ৫-১০ দিস্তা নয়, ৫-৬ হাজার দিস্তা কাগজে লাল মলাটের খাতা বাঁধতে হয় তাঁদের। বৈশাখের আগেই এই খাতার চাহিদা বাড়ে। ফর্মার ভেতরে সুতোসমেত সুচ ঢুকিয়ে কারিগর মোক্তার জানালেন, ‘এইগুলা বানানির আরও বড় জায়গা হইল বাবুবাজার। এইখানে তো কমই বানায়।’
একসময় ব্যবসায়ীদের ঘরে ঘরে হালখাতার আনন্দময় অয়োজন হতো। আমন্ত্রিত ব্যক্তিরা সেদিন পুরোনো বাকির কিছু কিংবা পুরোটা শোধ করে নতুন খাতায় নাম হালনাগাদ করতেন। তাঁদের সাদরে মিষ্টিমুখ করিয়ে আপ্যায়ন করা হতো। কোথাও কোথাও গানবাজনার আয়োজনও থাকত। গ্রামেগঞ্জে হালখাতার রীতি এখনো চালু আছে। তবে সময়ের বিবর্তনে হালখাতার চেহারা পাল্টে যাচ্ছে।