হালচাষের হালখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে উৎ​সব উৎ​সব ভাব। মাইকে বাজছে জনপ্রিয় সব গান। লোকজন আসছেন, বকেয়া টাকা পরিশোধ করে মিষ্টিমুখ করে ফিরে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধর্মদাসগাঁতী গ্রামে কলের লাঙলের চালক আবু তাহেরের বাড়ির দৃশ্য এটি। কেননা এই বাড়িতে চলছে হালচাষের হালখাতা।

আবু তাহের বলেন, ‘এবারে প্রায় ৫০ বিঘা জমি চাষ করি। মজুরির পুরো টাকাই বাকি ছিল।’ তিনি আরও বলেন, দিনে দিনে টাকা নিলে প্রায় সবটাই খরচ হয়ে যায়। এভাবে হালখাতার মাধ্যমে টাকা নিলে বড় কোনো কাজ করা যায়। এ জন্য বছর তিনেক হলো তিনি হালচাষের পাওনা টাকা এভাবে তোলেন বলে জানান। এবারও হালখাতার মাধ্যমে পাওনা শতভাগ টাকাই আদায় হবে বলে তিনি জানান।

হালখাতা করতে আসা ওই গ্রামের চারজন কৃষক বলেন, খাওয়াটা বড় বিষয় নয়। হালচাষ করে দেওয়ার পর মজুরির টাকা আদায় করতে আবু তাহের ভালো একটা উপলক্ষ খুঁজে বের করেছেন। এদিনে সবাই এক জায়গায় এসে একটু গানবাজনা শোনে এবং আনন্দ করে।

বিষয়টি জেনে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা বলেন, শ্রমজীবী মানুষও নানা প্রয়োজনে নতুন নতুন ধারণার জন্ম দেয়। তিনি মনে করেন, বাজারের ব্যবসায়ীদের হালখাতায় ঠিকভাবে টাকা না উঠলেও হালচাষের টাকা ঠিকই শতভাগ আদায় হবে। কারণ, আগামী মৌসুমে আবারও এদের দিয়েই হালচাষ করতে হবে।

ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ বলেন, শ্রমজীবী মানুষের এমন আয়োজন তাঁদের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে।