হালচাষের হালখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলের লাঙলের চালক আবু তাহেরের বাড়িতে অনেক আয়োজন। মাইকে বাজছে জনপ্রিয় সব গান। লোকজন আসছে। বকেয়া টাকা পরিশোধ করে মিষ্টিমুখ করে ফিরে যাচ্ছেন। এত আয়োজনের কারণ চলতি বোরো মৌসুমে আবু তাহের যাঁদের জমি চাষ করেছিলেন, পুরোটাই ছিল বাকি। বাকির সে টাকাই সবাই পরিশোধ করছেন। এ টাকা পরিশোধের জন্য হালচাষের হালখাতা উৎসবের আয়োজন করেছিলেন আবু তাহের।
গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাঁতী গ্রামে এই অভিনব হালখাতার উৎসব দেখা যায়।
আবু তাহের বলেন, ‘এবার প্রায় ৫০ বিঘা জমি চাষ করি। মজুরি হিসেবে পাওয়া পুরো টাকাই বাকি ছিল। তবে হালখাতার মাধ্যমে পাওনা শতভাগ টাকাই আদায় হবে বলে আশা করছি।’
হালখাতা করতে আসা ওই গ্রামের চার কৃষক বলেন, খাওয়াটা বড় বিষয় নয়। হালচাষ করে দেওয়ার পরে টাকা পরিশোধ করতে আবু তাহের ভালো একটা উপলক্ষ খুঁজে বের করেছেন। এদিনে সবাই এক জায়গায় এসে একটু গানবাজনা শুনে আনন্দ করে।
আবু তাহের কৃষকদের টাকা পরিশোধের বিষয়ে বলেন, একেক জনের কাছ থেকে একেক দিন টাকা নিলে খরচ হয়ে যায়। এভাবে হালখাতার মাধ্যমে একদিনে টাকা নিলে বড় কোনো কাজ করা যায়। এ জন্য বছর তিনেক হলো তিনি হালচাষের পাওনা টাকা এভাবেই তোলেন বলে জানান।
রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা বলেন, শ্রমজীবী মানুষও নানা প্রয়োজনে নতুন নতুন ধারণার জন্ম দেন। তিনি আরও বলেন, বাজারের ব্যবসায়ীদের হালখাতায় ঠিকভাবে টাকা না উঠলেও হালচাষের টাকা ঠিকই শতভাগ আদায় হবে। কারণ, আগামী মৌসুমে আবারও এঁদের দিয়েই হালচাষ করতে হবে।
পাশের দৈবকগাঁতী গ্রামের রফিকুল ইসলাম বলেন, তাঁর গ্রামের কলের লাঙলওয়ালারা হালখাতার মাধ্যমে মিষ্টিমুখ করিয়ে বকেয়া টাকা আদায় শুরু করেছেন।
ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ বলেন, শ্রমজীবী মানুষের এমন আয়োজন তাঁদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।