হালতি বিলে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ

ধান পাকার মুহূর্তে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফসল ঘরে তোলার এই সময়ে পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার হালতি বিলসহ উপজেলায় মোট ৮ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কোনো কোনো জমিতে ধান পাকতেও শুরু করেছে। এ অবস্থায় ধানখেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে হালতি বিলের সোনাপাতিল এলাকায় গিয়ে দেখা যায়, মাঠভর্তি শুধু ধান আর ধান। তবে সামান্য কিছু বাদে অধিকাংশ খেতের ধানের শীষই চিটা হয়ে গেছে।
স্থানীয় ধানচাষি আসাদ আলী বলেন, ‘এবার ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান ফলানোর জন্য নগদ অর্থ ও শ্রম—সবই শেষ করেছি। এখন ফসল ঘরে তুলব। অথচ হঠাৎ করেই বোরো বিআর খাটো-১০ জাতের ধানখেতে মাজরার আক্রমণ দেখা যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও লাভ হচ্ছে না।’ কৃষক ইদ্রিস আলী বলেন, মাঠের ২০ থেকে ৩০ ভাগ জমিতে মাজরার আক্রমণ হয়েছে। এতে প্রতি বিঘায় ৫ থেকে ১০ মণ কম ধান উৎপাদন হতে পারে।
তবে জেলার কৃষি কর্মকর্তারা মনে করছেন, ধান পাকার এই মুহূর্তে মাজরা পোকা আর খুব একটা ক্ষতি করতে পারবে না। গত সোমবার জেলার কৃষি কর্মকর্তারা হালতি বিলের মাঠ পরিদর্শন করেন। তাঁরা কৃষকদের মাজরা পোকা দমনের বিভিন্ন কলাকৌশল শেখান। বিশেষ করে যেসব জমির ধান এখনো পাকতে শুরু করেনি, সেগুলো রক্ষায় চাষিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মাঠ পরিদর্শন করে কিছু বোরোখেতে মাজরা পোকার আক্রমণ দেখা গেছে। তবে ধান পাকতে শুরু করায় পোকার এই আক্রমণ খুব একটা বিস্তৃত হওয়ার সময়ও পাবে না।