স্বল্প সময়ের মধ্যে সরকারি ক্রয়কেন্দ্রে ধান কেনার উদ্যোগ গ্রহণ ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে নাটোরের হালতি বিলের চাষিরা গতকাল শনিবার সকালে মানববন্ধন করেছেন।
জেলার নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সামনের ধানখেতের আইলে বেলা ১১টায় চাষিরা হাতে হাত ধরে মানববন্ধন রচনা করেন। প্রায় এক ঘণ্টা মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খোলাবাড়িয়া গ্রামের চাষি আলাউদ্দিন প্রামাণিক, সিরাজুল ইসলাম ও জিয়াউর রহমান।
আলাউদ্দিন প্রামাণিক বলেন, হালতি বিলে সারা বছরে শুধু একবারই ধান চাষ করা যায়। প্রতি বিঘা জমিতে ধান চাষে তাঁদের খরচ হয়েছে ১০ থেকে ১৪ হাজার টাকা। ধান উৎপাদন হচ্ছে বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ। যার বর্তমান বাজারমূল্য দাঁড়ায় ১৩ থেকে ১৪ হাজার টাকা। এতে কোনো লাভ হচ্ছে না। ধানের পেছনে শুধু পরিশ্রম করা হচ্ছে। এ অবস্থায় তাঁরা সরকারের কাছে ধানের ন্যায্যমূল্য দাবি করেন।
সিরাজুল ইসলাম বলেন, তিনি ১০ বিঘা জমিতে ইরি ধানের চাষ করেছেন। ধান পাকা শুরু হয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে তিনি ধান কাটতে পারছেন না। মাথাপিছু ৫০০ টাকা করে দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
এ ছাড়া ধান বিক্রি করে এত খরচও উঠবে না। তিনি ধানের দাম প্রতি মণ ৯০০ থেকে ১০০০ টাকা করার দাবি জানান। তা না হলে এ এলাকার চাষিরা আগামীবার ধানের আবাদ করবেন না বলেও হুঁশিয়ারি দেন।
কৃষক জিয়াউর রহমান বলেন, সরকারি গুদামে মোটামুটি ন্যায্যমূল্যে ধান বিক্রি করা যায়। কিন্তু এবার সরকার এখন পর্যন্ত ধান কেনা শুরু করেনি। তিনি অবিলম্বে সরকারিভাবে ধান কেনা শুরু করার দাবি জানান।