হালদা দূষণ নিয়ে মীর নাছিরের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে নির্মিত বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্লান্টের বর্জ্য প্রবাহের কারণে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর পানি দূষিত হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। গতকাল বুধবার বিবৃতি দিয়ে তিনি তাঁর উদ্বেগের কথা জানান। বিবৃতিতে মীর নাছির বলেন, বর্জ্যের কারণে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র বিপর্যয়ের মুখে পড়েছে। এই মৎস্য প্রজননকেন্দ্রের পোনা দেশের মৎস্যসম্পদকে শত বছর ধরে সমৃদ্ধ করে রেখেছে। পিকিং পাওয়ার প্লান্টের বর্জ্যের অব্যবস্থাপনার কারণে মৎস্যসম্পদ বিরাট বিপর্যয়ের সম্মুখীন। সে সঙ্গে এটি এ অঞ্চলের জীব-বৈচিত্র্যের ওপর মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় হালদা ও এর শাখা-প্রশাখা নদীগুলোতে পিকিং প্লান্টের বর্জ্য ফেলা বন্ধের দাবি জানান মীর নাছির।