হালদা দূষণের দায়ে বিদ্যুৎকেন্দ্রকে ১০ লাখ টাকা জরিমানা
প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জ্বালানি তেল ফেলে পানি দূষণের অভিযোগে হাটহাজারীর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্ল্যান্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন। পরিবেশ সংরক্ষণ আইনে হালদা নদীর পানি দূষণের অভিযোগে এই প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হলো। পরিবেশ অধিদপ্তর জানায়, গতকাল বিদ্যুৎ প্ল্যান্টের দুই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিম ভূঁইয়া ও মোহাম্মদ নুরে আলমকে ঢাকায় তলব করা হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ ও শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ সময় কর্মকর্তাদের ভবিষ্যতে হালদা নদীসহ এর আশপাশে পানি, মাটি ও বায়ু দূষণরোধে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি ব্যবস্থা চালু এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তা অবিলম্বে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন মুনীর চৌধুরী। জানা যায়, গতকাল শুনানিতে অংশ নিয়ে বিদ্যুৎ প্ল্যান্টের কর্মকর্তারা স্বীকার করেন, প্ল্যান্ট থেকে ৮ ড্রাম (১৬০০ লিটার) ফার্নেস তেল হালদা নদীতে গড়িয়ে পড়ে। এই তেল রাউজানের সাত্তারঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ফার্নেস তেল নদীর পানিতে মিশে ভয়াবহ দূষণ ঘটেছে। এতে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর সার্বিক পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয় ঘটেছে। বিশেষ করে মা-মাছের অবস্থান, বিচরণ ও প্রজনন চরম ঝুঁকির মধ্যে পড়েছে।