হালদা নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণার দাবি
নির্বিচারে বালু উত্তোলন, মা-মাছ নিধন, উজানে তামাক চাষ, রাবার ড্যাম নির্মাণসহ নানা কারণে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। বিশেষ করে এ বছরটি হালদার জন্য মহাবিপর্যয়ের বছর। এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে হালদায় মা-মাছ তিনবার নমুনা ডিম ছাড়ে। কিন্তু উপযুক্ত পরিবেশ না পাওয়ায় একবারও মূল ডিম ছাড়েনি। এই নদী বাঁচাতে অবিলম্বে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা দরকার।
গতকাল শুক্রবার দুপুরে ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরীয়া। হালদা নদী নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করা এই শিক্ষক হালদা নদীকে জাতীয় নদী হিসেবে ঘোষণা দিতে সরকারের কাছে দাবি জানান।
চট্টগ্রাম প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে হালদা নদী রক্ষা কমিটি। ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে মনজুরুল কিবরীয়া বলেন, বড় বড় খননযন্ত্র দিয়ে প্রতিদিন হালদা থেকে বালু তোলা হচ্ছে। ১৩টি খননযন্ত্রের প্রশাসনিক অনুমোদন আছে। বাকি ৩০টি খননযন্ত্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু তোলায় কোনো নীতিমালা মানা হচ্ছে না। সন্ধ্যার পর তো রীতিমতো বালু তোলার বাজার বসে। এ ছাড়া গত বছর থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে হালদার উজানে তামাক চাষ শুরু হয়েছে। তামাকমিশ্রিত বিষাক্ত পানি মিশছে নদীতে। ওই পানি নেমে আসছে মাছের প্রজনন এলাকায়। কৃষিজমি, চা-বাগানের কীটনাশকও মিশছে হালদায়। এতে মা-মাছ ধ্বংস হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন বলেন, হালদার সঙ্গে কেবল চট্টগ্রাম নয়, গোটা দেশের সম্পর্ক রয়েছে। হালদা নদীর বিপর্যয়কর অবস্থা সবার জন্য অশনি বার্তা। সন্দেহ নেই, এটি অপরিকল্পিত নগরায়ণের ফল। যত দ্রুত সম্ভব হালদাকে ঘিরে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান বলেন, হালদা অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন নদী। একে বাঁচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে সমস্যা উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ইচ্ছে থাকলেও অনেক সময় অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তাঁদের প্রায় সবাই স্থানীয়ভাবে প্রভাবশালী। গত বছর হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালদায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কয়েকটি অভিযান চালান। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁকে জামায়াতের লোক আখ্যা দিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ পাঠান। পরে ইউএনওকে বদলি করে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খোরশেদ আলম, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু নোমান, চিটাগাং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, হাটহাজারীর মেখল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালদা নদী রক্ষা কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ।