হালদা নদীতে এ বছর ডিম সংগ্রহের পরিমাণ বেড়েছে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজননকেন্দ্র হালদা নদীতে ডিম আহরণের পরিমাণ বেড়েছে। গত রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয় লোকজন মশারির মতো একধরনের জাল দিয়ে মাছের ডিম সংগ্রহ শুরু করেন। হাটহাজারী উপজেলার গরদুয়ারা এলাকার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, হালদা নদীর নতুন কাটাখাল, কেরামতলী ও নয়াহাট এলাকায় মোটামুটি ভালো ডিম পাওয়া গেছে। কোনো কোনো এলাকায় গতবারের চেয়ে এবার ডিম সংগ্রহ বেড়েছে। তবে নদীর অনেক ভাটিতেও ডিম পাওয়া গেছে বলে একাধিক সংগ্রহকারী নিশ্চিত করেছেন। জানা গেছে, ডিম সংগ্রহের জন্য স্থানীয় লোকজন প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই রোববার বিকেলে হালদা নদীতে মা-মাছ ও ডিম দেখা যায়। প্রতিবছর এ মৌসুমে কাতল, রুই, মৃগেল ও কালিবাউশ জাতের মা-মাছ এখানে ডিম ছাড়ে। ডিম ছাড়ার জন্য মা-মাছ বরাবরই প্রবল বর্ষণ, মেঘের গর্জন ও পাহাড়ি ঢল বেছে নেয়। রোববারও বৃষ্টির সময় মা-মাছ ডিম ছেড়ে দেয়। তবে ডিম সংগ্রহ করতে সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। কিন্তু বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে এবার অনেকেই নদীতে বেশিক্ষণ ডিম সংগ্রহ করতে পারেননি বলে জানা যায়। ডিম সংগ্রহকারী ব্যক্তিরা জানান, এর আগে গত ৮ ফেব্রুয়ারিও একবার ডিম ছাড়ে মা-মাছ। এ ছাড়া গত বছরের ১৯ ফেব্রুয়ারি ডিম ছেড়েছিল। হঠাৎ করে বৃষ্টিহীন পরিবেশে মাছের ডিম ছেড়ে দেওয়াকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বলে মন্তব্য করেছেন হালদা রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া। মাছের প্রাকৃতিক প্রজননের জন্য হালদা নদীকে মাছের অভয়ারণ্য ঘোষণাসহ এখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণাও চালানো হয়। স্থানীয় লোকজন ধারণা করেছেন, এসব কারণে হালদা নদীতে অতীতের চেয়ে মা-মাছের সংখ্যা বেড়েছে।গত রোববার সন্ধ্যা ও রাতে অন্তত এক হাজার মানুষ হালদায় ডিম সংগ্রহ করে বলে জানা গেছে।