হালদা নদীতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া–সংলগ্ন হালদা নদীতে গোসল করতে নেমে আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান চৌধুরী নিখোঁজ হয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ফায়ার সার্ভিস চট্টগ্রামের ডুবুরি দল তাঁকে উদ্ধারের চেষ্টা করছে।
নোমানের সহপাঠী প্রত্যক্ষদর্শী জোবায়ের চৌধুরী প্রথম আলোকে বলেন, নোমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকাল বৃহস্পতিবার এক সহপাঠীর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নোমানসহ তাঁরা ১৮ জন বন্ধু দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকায় যান। শুক্রবার সকালে তাঁরা হালদা নদীতে গোসল করতে যান। প্রথমে নোমানসহ নয় বন্ধু হালদা নদীতে গোসল করতে নামেন। নোমানসহ পাঁচ বন্ধু সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীর অর্ধেকের বেশি পার হওয়ার পর নোমান ক্লান্ত হয়ে পড়েন। তখন তাঁর চিৎকারে দুই বন্ধু এগিয়ে গেলেও হঠাৎ স্রোতের টানে নোমান পানিতে তলিয়ে যান। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নোমানের ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও হাটহাজারী পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মেলেনি। অন্ধকার নেমে আসায় জেনারেটর আনা হয়েছে। অভিযান চলবে।