হালদা নদীদূষণে দায়ী ৯৯ কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত রাসায়নিক বর্জ্যের দূষণ, অবাধে বালু উত্তোলন, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাসহ নানা কারণে হালদা নদীর অবস্থা এখন সংকটাপন্ন। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদাকে বাঁচাতে অতিদ্রুত সমন্বিত পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে হালদা নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ‍) ঘোষণা করতে হবে।

গতকাল সোমবার চট্টগ্রাম নগরের র‍্যাডিসন ব্লু হোটেলে ‘হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অংশীদারত্ব’ শীর্ষক পরামর্শক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে হালদা নদী নিয়ে ইউএনডিপির অর্থায়নে চলমান গবেষণার মধ্যবর্তী ফলাফল নিয়ে একটি মূল প্রবন্ধ এবং আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

 গবেষণায় উল্লেখ করা হয়, এখন পর্যন্ত ৯৯টি কারখানা ও ৩৮ মুরগির খামারকে চিহ্নিত করা গেছে, যারা কোনো না কোনোভাবে হালদাদূষণের সঙ্গে জড়িত। এই প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত বর্জ্য খাল বেয়ে সরাসরি হালদা ও কর্ণফুলীতে পড়ছে। ইটভাটা, তামাক চাষ এবং ফটিকছড়ির চা-বাগানের কীটনাশকও হালদাকে দূষিত করছে।

অনুষ্ঠানে বলা হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও নিজেদের মধ্যে সমন্বয় না করে হালদাকে যে যার মতো ব্যবহার করছে। কৃষিতে সেচের জন্য হালদা নদীর উজানে দুটি রাবার বাঁধ করেছে এলজিইডি। এর কারণে শুষ্ক মৌসুমে হালদায় পানি কমে যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন হালদা থেকে নয় কোটি লিটার পানি তুলে নিচ্ছে। আগামী দু-এক বছরের মধ্যে আরও নয় কোটি লিটার পানি উত্তোলনের জন্য প্রকল্পের কাজ চলছে তাদের। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া স্লুইসগেটগুলোর বেশির ভাগই অকার্যকর অবস্থায় আছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হালদা নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা প্রয়োজন। এতে নদীটির সমন্বিত ব্যবস্থাপনা সহজ হবে।

পরামর্শক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

হালদা নদী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজের (সিএনআরএস) নির্বাহী পরিচালক এম মোখলেসুর রহমান। এ ছাড়া আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও হালদা গবেষক মো. মনজুরুল কিবরিয়া এবং ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিরুদ্দিন মো. হুমায়ুন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মাসুদ করিম, শিল্প গ্রুপ বিএসআরএমের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ও জনসংযোগ বিভাগের প্রধান রুহি মুরশিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনআরএসের গবেষক মাসুদ সিদ্দিকী।

সাংসদ এ বি এম ফজলে করিম বলেন, চোখের সামনে হালদা নদী মরে যাচ্ছে। কিন্তু এটিকে রক্ষার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি মৎস্য মন্ত্রণালয়। হালদায় ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ করতে হবে। কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। হালদা নদীকে রক্ষার জন্য স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে কার্যকর প্রকল্প নেওয়া না হলে হালদাবিষয়ক কোনো গবেষণাই কাজে লাগবে না বলে মন্তব্য করেন তিনি।

হালদা নদীতে মাছের পোনা ছাড়ার জন্য প্রতিবছর মাত্র এক লাখ টাকা বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তিনি হালদার দুই পাশে মাছের পোনা চাষের জন্য কমপক্ষে ৫০টি পুকুর খননের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী হালদা নদীর বিষয়ে খুবই আন্তরিক। খুব শিগগিরই নদীটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে কাজ চলছে। হালদা নদীকে রক্ষার জন্য যেসব প্রকল্প নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন আগামী ৩০ জুনের মধ্যে হালদা নদীর দুই পাশের দখল উচ্ছেদ ও ভুজপুরের রাবার বাঁধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে আহ্বান জানান।