হালদা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালদা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। হাটহাজারী ও রাউজান উপজেলা অংশের উভয় তীরের ভাঙন রক্ষায় আজ শনিবার বিকেলে এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

হাটহাজারীর মদুনাঘাট বাজার চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী একেএম সামসুল করিম।

মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন থেকে এ উপজেলার হাজারো পরিবার ভাঙন ঝুঁকিতে ছিল। এ প্রকল্প বাস্তবায়ন হলে আর ঝুঁকি থাকবে না হালদা পাড়ের বাসিন্দারা।’

চট্টগ্রামের পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটির তত্ত্বাবধানকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পে হাটহাজারি-রাউজান অংশে ১২ দশমিক ১২ কিলোমিটার ভাঙন কবলিত এলাকায় ব্লক পাথর বসানো হবে। এ ছাড়া হাটহাজারি অংশে ২১ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে এবং জোয়ারের পানি রোধে ৪ কিলোমিটারের বেশি সড়ক উঁচু করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২১২ কোটি টাকা।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আনুমানিক পাঁচ হাজার ৭১০ কোটি টাকার সম্পদ নদীর ভাঙনের ঝুঁকিমুক্ত হবে এবং প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া প্রথম আলোকে বলেন, এই প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত সেনাবাহিনীর একটি দল এখন প্রকল্পের কাজের জন্য হাটহাজারীতে কার্যালয় খুলেছেন। রাউজান অংশের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম মমতাজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি প্রমুখ।