হালদাকে জাতীয় নদী ঘোষণার দাবি
বাংলাদেশে মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে জাতীয় নদী এবং জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণার দাবি জানিয়েছে হালদা নদী রক্ষা কমিটি। হালদা নদীর ওপর নির্মিত ‘রহস্যময়ী হালদা’ শিরোনামে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। গতকাল বুধবার হালদা নদী রক্ষা কমিটি চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক প্রচেষ্টাকে কীভাবে কাজে লাগাতে হবে, তা জাতীয়ভাবে আলোচনা করতে হবে। অনুষ্ঠানে হালদা নদী রক্ষা কমিটির সভাপতি মো. মনজুরুল কিবরিয়া বলেন, হালদাকে বাঁচাতে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন হালদাকে জাতীয় নদী ও জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা। প্রামাণ্যচিত্রে হালদা নদীর উৎপত্তি, হালদা নদীর বৈশিষ্ট্য, গুরুত্ব, নদীপারের জেলেদের জীবন-জীবিকা, দূষণসহ নানা বিষয় তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগংয়ের সভাপতি শামসুল হক হায়দরী।