হালদাপাড়ে ডিম সংগ্রহের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আশাবাদী করে তুলেছে হালদা নদীপাড়ের বাসিন্দাদের। মা মাছ ডিম ছাড়বে—তাঁদের এই আশা একেবারে বৃথা যায়নি। বুধবার রাতেই মা মাছেরা নমুনা ডিম ছেড়েছে। ডিম আহরণকারীরা জানান, সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যে হালদার ভাটিতে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা অংশে মা মাছেরা ডিম ছাড়ে।
গতকাল বৃহস্পতিবার দিনভর নদীর হাটহাজারী অংশে নৌকা ও জাল নিয়ে অন্তত এক শ ডিম আহরণকারী ডিম সংগ্রহের আশায় ভিড় জমান। হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র।
গতকাল হালদাপাড়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরীয়া। প্রথম আলোকে তিনি বলেন, ‘বুধবার রাতেই রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ জাতীয় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। বৃহস্পতিবার রাতেই হালদার জেলেদের অপেক্ষার অবসান ঘটবে আশা করছি।’
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার বাসিন্দা কামাল উদ্দিন সওদাগর চার দশক ধরে ডিম সংগ্রহ করছেন হালদা নদী থেকে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নিয়ে ডিম সংগ্রহকারীরা অপেক্ষা করছি। উপযুক্ত পরিবেশ পেলেই মা মাছেরা ডিম ছাড়বে। গত এপ্রিলেও দুবার নমুনা ডিম ছেড়েছিল। কিন্তু প্রবল বৃষ্টি না থাকায় ওই সময় মা মাছ ডিম ছাড়েনি।’