হালদার পানি কমলেও ভোগান্তি কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি কমলেও ১০ ইউনিয়নের লোকজনের ভোগান্তি কমেনি।
গত এক সপ্তাহ ধরে হালদা নদীর পানিতে তলিয়ে যাওয়া উপজেলার এক হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে। চালু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। পানিতে ডুবে নষ্ট হচ্ছে আড়াই হাজার হেক্টর ফসলি জমি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেমে আসা পানির তোড়ে নদীভাঙনে এ পর্যন্ত উপজেলার ৯৯৭টি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আরও তালিকা চাওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পানি থাকায় ভোগান্তি রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দুই দিন বন্ধের পর আজ সোমবার থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, প্রায় আড়াই হাজার হেক্টর জমির আমন ও অন্য ফসল পানিতে তলিয়ে গেছে। এসবের ৫০ ভাগের বেশি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ ও ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এলাকার বিত্তশালীরাও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।