হালদার ভাঙনে জমি বসতবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামের অনেক মানুষ। নদীর ভাঙনে গ্রামের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।
সরেজমিন দেখা যায়, সুন্দরপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর ভাঙনে ভিটেমাটি, সহায়সম্বল হারিয়েছে অনেকে।
এই পরিস্থিতিতে নদীর তীরের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভাঙনকবলিত গ্রামের রোকেয়া বেগম বলেন, ‘ভাঙনে আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ তলিয়ে গেছে। পরে নদী থেকে ২০০ গজ পশ্চিমে আধাপাকা ঘর বানিয়েছি। সেটিও ভাঙনের মুখে পড়েছে।’
এককুলীয়া এলাকার জসিম উদ্দিন বলেন, ‘১২ শতক জমিতে আমার বাড়ি ছিল। গত বছর ভাঙনে সেটি হারিয়েছি। বর্তমানে অন্যত্র বাড়ি বানিয়ে মানবেতর জীবনযাপন করছি।’
একই এলাকার বাসিন্দা রতন দে বলেন, গত দুই বছরে নাথপাড়ার প্রফুল্ল, মিলন, প্রমতোষ, কাজল, মুহিনীসহ অনেকের বসতঘর কেড়ে নিয়েছে হালদা।
গ্রামের ব্যবসায়ী আফতাব উদ্দিন বলেন, মোতালেব, ইউসুফ, মুনাফ, আবদুস সামাদ, তাহের, আইয়ুব, আজম, সাইফুল, শফিসহ শতাধিক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে হালদা। অনেকে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
উপজেলার নাজিরহাটে আশ্রয় নেওয়া নেজাম উদ্দিন বলেন, ‘দুবার হালদার ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়েছে। তাই পাশের নাজিরহাট এলাকায় ভাড়া বাসায় এসেছি।’
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল আজম বলেন, ভাঙনে কয়েকটি বাড়ি বিলীন হতে চললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। অথচ বিষয়টি একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফটিকছড়ি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, হালদার ভাঙনরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাড়ে ২২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে।