হালদার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল গ্রামের অনেক মানুষ। নদীর ভাঙনে তাদের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, সুয়াবিলের ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে অনেক ফসলি জমি ও ঘরবাড়ি। ভাঙনে ভিটেমাটি ও সহায়সম্বল হারিয়েছেন অনেকে। নদী ভাঙনের কারণে তীরবর্তী বাসিন্দারা আছেন আতঙ্কে।
জসিম উদ্দিন নামের এক ব্যক্তি জানান, ১২ শতক জমির ওপর তাঁর বসতবাড়ি ছিল। গত বছরের ভাঙনে ওই বাড়ি বিলীন হয়ে গেছে। বর্তমানে অন্যত্র বাড়ি বানিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই বছরে বণিকপাড়ার প্রফুল্ল, মিলন, প্রমতোষ, কাজল, মুহিনী, হারাধন ও নারায়ণসহ অনেকের বসতঘর হালদায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া হালদার ভাঙনে মোতালেব, ইউসুফ, নাছির, মুনাফ, আবদুস সামাদ, তাহের, আইয়ুব, আজম, সাইফুল, শফির পরিবারসহ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে এখন অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
এলাকাবাসী জানান, চলতি বছর বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ভাঙনের বিষয়টি একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সভায় অবহিত করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামান বলেন, ‘এলাকাগুলো আমি সরেজমিনে দেখেছি। ছোট বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।’