হালদায় আবারও ডিম ছেড়েছে মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে আবার ডিম ছেড়েছে মা-মাছ। গতকাল শুক্রবার ভোরে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টির মধ্যে মা-মাছ ডিম ছাড়ে। এরপর মৎস্যজীবীরা ডিম আহরণে নেমে পড়েন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয় লোকজন জানান, এর আগে গত ৮ মার্চ মা-মাছ ডিম ছেড়েছিল। কিন্তু ওই বার ডিম ছাড়ার পরিমাণ কম ছিল।সরেজমিনে দেখা যায়, ডিম সংগ্রহকারীরা সত্তারঘাট, অংকুরীঘোনা, গড়দুয়ারা, কান্তার আলী চৌং ঘাট, নাপিতের ঘাট, উত্তর মার্দাশা ও মদুনাঘাট এলাকায় শত শত নৌকা নিয়ে হালদায় ডিম সংগ্রহ করছেন। এ সময় সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ।হালদার গবেষক ও পরিবেশবাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, জনসচেতনতা ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি থাকায় এখন চুরি করে মা-মাছ মেরে ফেলার ঘটনা কমছে। এ কারণে মা-মাছগুলো হালদার নিরাপদ আশ্রয়স্থলে ডিম ছাড়ার পরিবেশ পেয়েছে। তিনি বলেন, অন্যবারের তুলনায় হালদা নদীতে পর্যাপ্ত ডিম ছেড়েছে মা-মাছ।মঞ্জুরুল কিবরিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ডিম সংগ্রহকারীরা বেশি ডিম সংগ্রহ করতে পেরেছেন। তিনি বলেন, চার শতাধিক নৌকা করে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন। প্রায় ১৬ হাজার কেজি পানিসহ ডিম সংগ্রহ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ডিমের বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও বজ্রপাতের কারণে হালদায় দ্বিতীয় দফা মা-মাছ ডিম ছেড়েছে।রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন গতকাল নদীতে অবস্থান করে ডিম সংগ্রহের দৃশ্য পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এবার মৎস্যজীবীরা উল্লেখযোগ্য পরিমাণে ডিম সংগ্রহ করেছেন।