হালদায় ডিম ছেড়েছে মা-মাছ, সংগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে মা-মাছ ডিম ছেড়েছে। গত রোববার দিবাগত রাত তিনটায় হালদায় ডিম ছাড়তে শুরু করে মা-মাছ। এতে ডিম সংগ্রহকারীদের প্রতীক্ষার অবসান ঘটে৷ তবে ডিম সংগ্রহ কম হওয়ায় তাঁরা হতাশ৷
ডিম সংগ্রহকারী, হালদা বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তারা জানান, ডিম ছাড়ার খবর পেয়ে ডিম সংগ্রহকারীরা প্রায় চার শ নৌকায় করে নদীতে ডিমের খোঁজে নেমে পড়েন। রোববার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সোমবার সকাল সাতটা পর্যন্ত যাঁরা নদীতে ছিলেন, তাঁরা মোটামুটি পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। কিন্তু এরপর সারা দিন নদীতে তেমন ডিম পাওয়া যায়নি।
হালদার গড়দুয়ারা, নয়াহাট, পূর্বমেখল, রামদাশহাট, মদুনাঘাটসহ মোট ১১টি পয়েন্টে ডিম সংগ্রহ করা হয়৷
হালদায় ৪০ বছর ধরে ডিম সংগ্রহ করছেন গড়দুয়ারা এলাকার অধিবাসী মো. কামাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘নদীতে ছয়টি নৌকা ও ১৪ জন মানুষ নামিয়ে এ বছর মাত্র ৩০ বালতি ডিম পেয়েছি। অথচ গত বছরও ৫৫ বালতি ডিম সংগ্রহ করেছি৷’
দুলালচন্দ্র দাশ নামের আরেকজন ডিম সংগ্রহকারী বলেন, হালদায় দুটি নৌকা নামিয়ে সাত-আট ঘণ্টা চষে বেড়িয়ে মাত্র দুই বালতি ডিম পেয়েছেন তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, গত বছর হালদা থেকে সংগ্রহ করা ডিম থেকে প্রায় ৬২৫ কেজি রেণু পোনা সংগ্রহ করা হয়৷ কিন্তু এবার সেটি আরও কমে আসবে ধারণা করা হচ্ছে। এবার সর্বোচ্চ চার শ কেজির মতো পোনা সংগ্রহ হতে পারে। চার-পাঁচ দিন পরে প্রকৃত হিসাব পাওয়া যাবে।
তবে হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়ার হিসাবে পোনা উৎপাদনের সম্ভাবনার পরিমাণ আরও কম। তিনি বলেন, ‘আমি সারা দিনই জেলেদের নৌকায় ছিলাম। এবার হালদায় ৩৬৪টি নৌকা ছিল। সাড়ে ১৬ হাজার কেজি পরিমাণে ডিম সংগ্রহ করা গেছে। আমার হিসাবে এখান থেকে ২৫০ থেকে ২৭৫ কেজি পর্যন্ত রেণু সংগ্রহ সম্ভব।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণত বর্ষার শুরুতে বজ্রসহ প্রবল বৃষ্টি ও পাহািড় ঢল থাকলে নদীর উজানে মা-মাছ ডিম ছাড়ে। রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রামে ভারী বর্ষণ হলেও হালদায় এবার পাহািড় ঢল ছিল না। পাহািড় ঢল ছাড়াই মাছের ডিম ছাড়াকে ব্যতিক্রম ঘটনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রথম দফায় ডিম কম পেয়ে এখন তাঁরা তাকিয়ে আছেন মা-মাছ দ্বিতীয় দফা ডিম ছাড়ে কি না, সেদিকে৷ তবে সেটির সম্ভাবনা কম বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ‘বিষয়টি যদিও প্রকৃতিনির্ভর, কিন্তু আমি দ্বিতীয়ার্ধে মাছের ডিম ছাড়ার সম্ভাবনা কম দেখছি। যদি এপ্রিলের প্রথম দিকে ডিম ছাড়ত, তাহলে আশাবাদী হতাম।’
মৎস্য অধিদপ্তর জানায়, সাধারণত এপ্রিলেই নদীতে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ-জাতীয় মাছ ডিম ছাড়ে। ২০১২ সালে হালদার মাছের ডিম থেকে এক হাজার ৫৬৯ কেজি রেণু সংগ্রহ করা সম্ভব হয়৷ কিন্তু ২০১৩ সালে সেটি নেমে আসে ৬২৫ কেজিতে। এবার সেটির পরিমাণ আরও কমে গেছে।