হালদায় ডিম ছেড়েছে মা মাছ
দেশের একমাত্র প্রাকৃতিক কার্প-জাতীয় মাছের প্রজননক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গতকাল শুক্রবারের বজ্রসহ ভারী বৃষ্টির পর মধ্যরাতে নদীতে ডিম ছাড়ে মা মাছ। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার ভোর ছয়টা পর্যন্ত ডিম আহরণ করেন হাটহাজারীর হালদাপাড়ের প্রায় তিন শ জেলে ও মৎস্যচাষি।
জেলা মৎস্য কার্যালয় ও জেলেরা বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার প্রথম দিনেই তুলনামূলক ডিম বেশি পাওয়া গেছে। তবে তিন-চার দিন পর এর প্রকৃত হিসাব বলা যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, এবার গত কয়েক বছরের তুলনায় বেশি ডিম ছেড়েছে মা মাছ। কিন্তু তার পরিমাণ কত, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
মদুনাঘাট জেলেপল্লির বাসিন্দা পরিমল দাস বলেন, এবার ডিম বেশি পাওয়ায় জেলেরা সবাই খুশি। ডিম পরিচর্যা করে এখন রেণু ফোটানো হবে।

এক মাস পর আবারও ডিম পাওয়ার আশা করছেন জেলেরা। প্রতিবছর সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যেই হালদা নদীতে একাধিকবার ডিম ছাড়ে মা মাছ।