হালদায় ডিম ছেড়েছে মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর যে পরিমাণ ডিম পেয়েছিলাম, এবার তার অর্ধেকও পাইনি। দুই বছর আগে ডিমের পরিমাণ আরও বেশি ছিল। এভাবে প্রতিনিয়ত হালদা নদীতে ডিমের পরিমাণ কমে আসছে। এ বছর যদি আরেকবার মা-মাছ ডিম না ছাড়ে, তাহলে আমাদের পথে বসতে হবে।’ গতকাল রোববার দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। কিন্তু পরিমাণে খুব কম। তাই হতাশ হয়ে ডিম সংগ্রহকারী দুলাল দাশ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।মোহাম্মদ শফি নামের আরেক ডিম সংগ্রহকারী বলেন, ‘ডিম সংগ্রহ করার জন্য তিনটি নৌকা নামিয়েছি। মনে হয় না এক কেজি রেণু পোনা পাব।’ গতকাল ভোরে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত শুরু হলে নদীর উজানে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। খবর পেয়ে স্থানীয় নাপিতের হাট, পোড়াকপালির হাট ও রামদাশ মুন্সিরহাটসহ অন্তত সাত কিলোমিটার এলাকায় পাঁচ শতাধিক নৌকা নিয়ে লোকজনকে ডিম সংগ্রহ করতে দেখা যায়। অনেকে গতকাল বিকেলের দিকে ডিম সংগ্রহ করতে মদুনাঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীর সংযোগ এলাকায়ও চলে আসেন। কিন্তু কেউ-ই তাদের প্রত্যাশামতো ডিম সংগ্রহ করতে পারেননি। তাদের নৌকায় দেখা যায়, পানি মেশানো ডিম রাখা হয়েছে। তবে তা নৌকার তলানির দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, হালদা নদীর মা মাছ সংরক্ষণের জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় নদীর মা মাছ পাহারা দিতে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। কিন্তু তাঁরা রাতের বেলা থাকেন না। ফলে দুর্বৃত্তরা রাতে প্রকাশ্যেই মা মাছ ধরে ফেলে। এতে হালদার মা মাছের পরিমাণ দ্রুত কমছে। তবে রাউজান উপজেলার উড়কিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরী বলেন, এবার মা-মাছ উজানের চেয়ে ভাটিতে বেশি ডিম ছেড়েছে। ডিম সংগ্রহকারীদের বেশির ভাগই উজানে ছিলেন। তাঁরা ডিম পাননি।