হালদায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান চৌধুরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকায় হালদা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নোমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বন্ধুর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকায় যান নোমান। শুক্রবার সকালে তিনি বন্ধুদের সঙ্গে হালদা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের ডুবুরি দলের প্রধান সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, শুক্রবার পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নোমানের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবারও অনুসন্ধান শুরু করার পর দুপুর সোয়া ১২টার দিকে তাঁর লাশ পাওয়া যায়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল জানান, নোমানের লাশ দুপুরেই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নোমানের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পূর্ব সরপভাটায়।
নোমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীন আখতার, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা গভীর শোক প্রকাশ করেছেন।