চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক কিশোর। এ ছাড়া ঈদের দিন (গত বৃহস্পতিবার) কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ায় সাগরের জোয়ারে ভেসে চার শিশু মারা গেছে।
গত শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ফটিকছড়িতে হালদা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। উপজেলার পূর্ব সুয়াবিল নাছির মোহাম্মদ তালুকদার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার পেশকারহাট, ফটিকছড়ি উপজেলার সিদ্ধাশ্রম মঠ এবং কুম্ভারপাড়া এলাকা থেকে এক বৃদ্ধ ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন মুহাম্মদ নুরুল ইসলাম (৫৬), মুহাম্মদ রিমন (১৭), মুহাম্মদ আজমান (৪) ও মুহাম্মদ রেজভী (১৪)। তাঁদের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল গ্রামে। এখনো নিখোঁজ রয়েছে কিশোর মুহাম্মদ আবদুর রহিম (১৩)।
ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, পূর্ব সুয়াবিল গ্রামে হালদার পশ্চিম পাড় থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি নাছির মোহাম্মদ তালুকদার ঘাটে যাচ্ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন পাঁচজন।
নৌকাডুবির পর সাঁতরে কূলে ফিরে আসা পূর্ব সুয়াবিল গ্রামের মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করা হয়। নদীর মধ্যে পোঁতা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি এক দিকে কাত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় নৌকাটি। তিনি সাঁতরে কূলে উঠে আসেন বলে জানান।
আরেক যাত্রী মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানা দুই শিশুকে আমি উদ্ধার করি। আরও কয়েকজনকে উদ্ধারের চেষ্টা করলেও নদীতে স্রোত বেশি থাকায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।’
নিখোঁজ মুহাম্মদ আবদুর রহিমের মা দেলু আকতার বলেন, ‘আমার সুখের সংসার মাটি হয়ে গেছে।’ তাঁর এক সন্তানের (মুহাম্মদ রিমন) লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে থাকা ডুবুরি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বেলা দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করি আমরা। কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। গতকাল সকাল নয়টায় ঘটনাস্থলের কিছু দূরে চারটি লাশ ভাসছে বলে স্থানীয় লোকজন খবর দেন। পরে নদীতে চারজনের লাশ ভাসতে দেখা যায়।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া জানান, লাশগুলো বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে হালদা চরের মাঠে চারজনের জানাজা হয়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) পুলক কান্তি সরকার প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
গতকাল বিকেলে নিহত পরিবারগুলোকে সমবেদনা জানাতে পূর্ব সুয়াবিল গ্রামে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ তারিকুল ইসলাম। ইউএনও প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ-সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম।
কুতুবদিয়া: উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজিপাড়া এলাকায় সাগরের জোয়ারে ভেসে মারা গেছে চার শিশু। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মনছুর আলী হাজিপাড়ার আবুল হোসাইনের মেয়ে নয়ন মণি (১১), আকতার হোসাইনের ছেলে মিছবাহ উদ্দিন (৭), কামাল হোসাইনের মেয়ে সুমি আকতার (৮) ও কাইছার হামিদের মেয়ে পিয়া মণি (৫)।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী বলেন, ওই চার শিশু ঈদ উপলক্ষে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। শিশুরা ভাঙা সড়ক দিয়ে যাওয়ার সময় সমুদ্রের জোয়ারের কবলে পড়ে। জোয়ারের টানে চার শিশু পানিতে ভেসে যায়। রাতে স্থানীয় লোকজন উপকূল থেকে চার শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার চৌধুরী বলেন, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এই ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সড়কের ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করে লোকজন চলাচল করেন।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, চার দিন ধরে উপজেলার উত্তর ধুরুং, আলী আকবরডেইল, কৈয়ালবিল ইউনিয়নের অন্তত ৩০টি উপকূলীয় গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় ভাঙা রাস্তা পার হতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।