হালদায় পরিকল্পিত উদ্যোগে মৎস্যসম্পদ বাড়বে ১০ গুণ
হালদা নদী থেকে বছরে এখন প্রায় ৮০০ কোটি টাকার মাছ পাওয়া যায়। তবে গবেষণা–পরিকল্পনা ও উদ্যোগ যোগ করলে দেশের কার্প বা রুইজাতীয় মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজননকেন্দ্র এই নদীর মাছের উৎপাদন আট হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব।
আজ মঙ্গলবার এক ভার্চু৵য়াল সভায় হালদার কার্প–জাতীয় চার প্রজাতির মাছ—রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ এবং গাঙ্গেয় ডলফিনের জীবনরহস্য উন্মোচনের (জিনোম সিকোয়েন্স) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এ সভায় বলা হয়, জীবনরহস্য উন্মোচনের ফলে হালদা নিয়ে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সেখানকার মাছের উৎপাদন ১০ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব।
দেশের রুইজাতীয় মাছের পোনা সংগ্রহের সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হালদা। কিন্তু দখল ও দূষণের কারণে এ নদীর মাছের পোনা কমে আসছে।
এ জীবনরহস্য উন্মোচনের গবেষণায় অর্থায়ন করেছে পিকেএসএফ এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)। গবেষণায় নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রধান অধ্যাপক মনজুরুল কিবরিয়া এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এম জে জোনায়েদ সিদ্দিকী।
আজ প্রথম আলোয় ‘হালদার গাঙ্গেয় ডলফিন ও চার প্রজাতির মাছের জীবনরহস্য উন্মোচন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আজকের সভায় জানানো হয়, দেশের রুইজাতীয় মাছের পোনা সংগ্রহের সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হালদা। কিন্তু দখল ও দূষণের কারণে এ নদীর মাছের পোনা কমে আসছে। মানবসৃষ্ট এসব কারণ চিহ্নিত করে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু এতদিন গবেষণার অভাবে এখানকার মাছের নতুন প্রজাতি উদ্ভাবন এবং অন্য জাতের সঙ্গে পার্থক্য করা যাচ্ছিল না।
সভার শুরুতে পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের হালদার রুইয়ের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, হালদা পৃথিবীর একমাত্র জোয়ার–ভাটার নদী, যেখান থেকে রুই মাছের ডিম সংগ্রহ করা হয়। জীবনরহস্য উন্মোচন হওয়ায় এখানকার মাছের পোনা দেশের অন্য নদী ও জলাশয়ে জন্মানোর ব্যবস্থা করা সম্ভব। আর এই মাছের পোনা যাতে আলাদাভাবে চিহ্নিত করা যায়, সে ব্যবস্থা করাও সম্ভব। তা করা হলে এ নদী থেকে বছরে আট হাজার কোটি টাকার মৎস্যসম্পদ আহরণ করা যাবে।
অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে অনন্য হালদার দূষণ কমাতে একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি পেপার মিল বন্ধ করা হয়েছে। হালদার উজানে প্রচুর তামাকের চাষ হতো। যেখান থেকে তামাকের কীটনাশকযুক্ত দূষিত পানি হালদায় পড়ত। পিকেএসএফের উদ্যোগে সেগুলো বন্ধ হয়েছে। কিন্তু হালদার মাছের জিনগত বৈশিষ্ট্য না জানার কারণে তা দেশের অন্যত্র কীভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব তা বোঝা যাচ্ছিল না। এই গবেষণার মাধ্যমে তা সম্ভব হবে।
জীবনরহস্য উন্মোচন হওয়ায় এখানকার মাছের পোনা দেশের অন্য নদী ও জলাশয়ে জন্মানোর ব্যবস্থা করা সম্ভব।
হালদা নদীর মাছের প্রজননস্থল রক্ষায় সরকার আরও উদ্যোগ নেবে বলে জানান পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার।