ভাঙতে ভাঙতে সড়কের অনেক কাছে চলে এসেছে নদী। নদী ও সড়কের দূরত্ব এখন পাঁচ-ছয় হাতের বেশি হবে না। পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাছপালার মাটিও সরে গেছে। হালদার ভাঙনে এমন চেহারাই দাঁড়িয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি-কাজিরহাট সড়কের একাংশের।
১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক উপজেলার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করেছে। সড়কটির নাজিরহাট ডিগ্রি কলেজ সংলগ্ন আধা কিলোমিটার এলাকা হালদা নদীর ভাঙনের কবলে পড়েছে। ভাঙন ঠেকানো না গেলে সড়কের ওই অংশ নদী গর্ভে চলে যাবে এমন আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
৮ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, নাজিরহাট ডিগ্রি কলেজ সংলগ্ন নাজিরহাট-কাজিরহাট সড়কের খুব কাছে চলে এসেছে হালদা নদী। সড়ক থেকে নামলেই চোখে পড়ে ভাঙনের দৃশ্য। সড়কের পাশে লাগানো কিছু কিছু গাছের গোড়ার মাটিও সরে গেছে ভাঙনের ফলে। সড়কের পাশেই এক শ ফুট খাঁড়া ঢাল নেমে গেছে নদী পর্যন্ত।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় হালদা নদীর ভাঙনে এর মধ্যে উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি, সুন্দরপুরসহ কয়েকটি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি হালদার গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের কারণে ঝুঁকির মুখে পড়েছে ফটিকছড়ি কাজিরহাট সড়ক। এতে দুর্ভোগে পড়বে উপজেলার অন্তত দুই লাখ বাসিন্দা।
পনি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. খোরশেদুল আলম বলেন, গত কয়েকটি বর্ষা মৌসুমে ফটিকছড়ির এই এলাকায় হালদা নদীর ভাঙন বেড়েছে। এখনও জোয়ারের সময় ভাঙছে হালদা। উপজেলায় ভাঙন কবলিত এলাকা কতটুকু, তা যাচাই করে প্রিতবেদন পাঠানো হবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে। এরপর বরাদ্দ দেওয়া হলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরহাট শিশু সোপানের অধ্যক্ষ এস এম টিপু চৌধুরী জানান, আর কয়েক হাত ভাঙলেই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে নাজিরহাট-কাজিরহাট সড়কটি। ফলে বন্ধ হয়ে যাবে উপজেলার সঙ্গে উত্তর ফটিকছড়ির ছয় ইউনিয়নের সড়ক যোগাযোগ।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, হালদার ভাঙনের মুখে পড়ে এলাকার অনেকে সহায়-সম্পত্তি হারিয়েছেন। নাজিরহাট-কাজিরহাট সড়কটি যেকোনো দিন নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হালদা নদীর ভাঙন কবলিত এলাকা জরুরি ভিত্তিতে মেরামত ও বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে পড়া নাজিরহাট-কাজিরহাট সড়কটি শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে।