হালনাগাদ তালিকায় আরবি বিভাগের ৪৩ শিক্ষার্থী অনুপস্থিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ অনুপস্থিত শিক্ষার্থীদের হালনাগাদ তালিকা জমা দিয়েছে। এ তালিকায় ৪৩ জন অনুপস্থিত শিক্ষার্থীর নাম রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে এ তালিকা জমা দেওয়া হয়। এর আগে ১৭ আগস্ট জমা দেওয়া তালিকায় অনুপস্থিত শিক্ষার্থী ছিল ৪৯ জন।
গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম ওরফে মারজানের নাম আসে। এরপর ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী আরবি বিভাগের সভাপতিকে ওই বিভাগের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলেন। এ নির্দেশনা মেনে ১৭ আগস্ট ৪৯ অনুপস্থিত শিক্ষার্থীর নাম রেজিস্ট্রারের কাছে জমা দেয় আরবি বিভাগ। জমা দেওয়ার পর গত সোমবার পর্যন্ত ২৫ জন অনুপস্থিত শিক্ষার্থী ক্লাস করা শুরু করে। এরপর মঙ্গলবার রেজিস্ট্রারের কাছে হালনাগাদ তালিকা জমা দেয় আরবি বিভাগ।
হালনাগাদ তালিকা রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরবি বিভাগের সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী। হালনাগাদ তালিকায় পূর্বের তালিকা থেকে ছয় শিক্ষার্থীকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ইয়ার ড্রপ দেওয়ায় তাঁরা পরের বর্ষে উত্তীর্ণ হতে পারেননি। তাঁরা আগের একই বর্ষে ক্লাস করছেন। কিন্তু তাড়াহুড়ো করে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করার সময় সেখানে তাঁদের নাম যুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আরবি বিভাগ নতুন একটি তালিকা পাঠিয়েছে। এতে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। আমরা সবগুলো বিভাগের তালিকা পেয়ে গেছি। যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না তাঁদের তালিকা আগামী সপ্তাহে প্রক্টরের কাছে পাঠানো হবে।’