হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ শুরু, বেড়েছে আড়াই শতাংশ
হালনাগাদের পর ভোটার তালিকায় নতুন করে প্রায় ৩৬ লাখ ৮৯ হাজার ভোটার যুক্ত হয়েছে। এদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল আট কোটি ৪৭ লাখ ৪৮ হাজার। দেশের প্রতিটি জেলার খসড়া ভোটার তালিকা গতকাল সোমবার থেকে প্রকাশ করা শুরু হয়েছে। সারা দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ শেষ হবে ২৯ এপ্রিল।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশন জানায়, ২০০৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত সর্বশেষ তালিকায় মোট ভোটার ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। গত দুই বছরে গড়ে ভোটার বেড়েছে আড়াই শতাংশের কম। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, এ বৃদ্ধি স্বাভাবিক। জনসংখ্যা বাড়ার সঙ্গে ভোটার বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ। নির্বাচন কমিশনার বলেন, উপকূলীয় এলাকায় আগে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এসব এলাকায় ২০ এপ্রিলের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু: কমিশন জানায়, এপ্রিলে তিন ধাপে দেশের ৬৩ জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ জন্য প্রথম পর্যায়ে গতকাল ১৭টি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও চট্টগ্রাম। এসব জেলার ভোটাররা ২৩ মার্চের মধ্যে দাবি আপত্তি জানাতে পারবেন। ১৫ এপ্রিল এসব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ১৫ মার্চ ২০টি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হবে। এগুলো হলো নেত্রকোনা, রাজবাড়ী, গোপালগঞ্জ, নরসিংদী, জামালপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, নড়াইল, যশোর, ফরিদপুর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও কুড়িগ্রাম। এসব জেলার ভোটাররা ৩০ মার্চের মধ্যে দাবি আপত্তি জানাতে পারবেন। আগামী ২২ এপ্রিল এসব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তৃতীয় ও শেষ ধাপে বাকি ২৬ জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এসব জেলার ভোটাররা ৬ এপ্রিলের মধ্যে দাবি আপত্তি জানাতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ২৯ এপ্রিল।এ ছাড়া আগামী ১৫ মার্চ ভোলা জেলার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ঢাকা সিটি করপোরেশন এলাকার চূড়ান্ত ভোটার তালিকা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে বেড়েছে আট শতাংশ: চট্টগ্রামে হালনাগাদ খসড়া ভোটার তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং ইউনিয়ন ও পৌরসভার কার্যালয়ে এ তালিকা পাঠানো হয়েছে। জানা গেছে, ২০০৮ সালে ভোটার তালিকায় চট্টগ্রামে ভোটার ছিল ৪৩ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। খসড়া তালিকায় তিন লাখ পাঁচ হাজার ৮৮৭ জন ভোটার বেড়ে হয়েছে ৪৬ লাখ ৯৪ হাজার ৫০৩ জন। সিটি করপোরেশন এলাকায় ভোটার বেড়েছে সাত দশমিক ৮৯ শতাংশ। উপজেলায় বেড়েছে ছয় দশমিক ৪৫ শতাংশ। চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হালনাগাদ তালিকায় সিটি করপোরেশন এলাকায় এক লাখ ২৪ হাজার ৫৯০ জন ভোটার বেড়ে হয়েছে ১৭ লাখ দুই হাজার ৯১৭ জন। এ ছাড়া চট্টগ্রামের ১৪ উপজেলায় ভোটার বেড়েছে এক লাখ ৮১ হাজার ২৯৭ জন।