হালনাগাদ হয় না অনেক সরকারি ওয়েবসাইট
দেশের মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর অনেক ওয়েবসাইটই হালনাগাদ করা হয় না। ফলে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। আবার অনেক ওয়েবসাইট শুধু ইংরেজি ভাষায় তৈরি। এ কারণে অনেক ব্যবহারকারী সহজে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন না।
জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তর মিলিয়ে মোট ৬১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইট আছে। এসব ওয়েবসাইট থেকে গুরুত্বভেদে মোট ১১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছিল। ওয়েবসাইটগুলো হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, জাতীয় মানবাধিকার কাউন্সিল, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও পরিবেশ অধিদপ্তর।

গত ২২ মার্চ ওই ওয়েবসাইটগুলোতে দেখা যায়, অর্থ মন্ত্রণালয়ের পুরো ওয়েবসাইটটি ইংরেজিতে। বাংলা বিভাগ নির্মাণাধীন বলে উল্লেখ করা হয়েছে। ‘মান্থলি ফিসকাল রিপোর্ট’ বিভাগে গিয়ে দেখা যায় এ বছরের জানুয়ারি মাসের পর সেখানে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। ‘মান্থলি ফিসকাল ম্যাক্রো আপডেট’ বিভাগে গত বছরের সেপ্টেম্বরের পর কোনো মাসিক প্রতিবেদন দেওয়া হয়নি। ‘ইয়ার অ্যান্ড ফিসকাল রিপোর্ট’ বিভাগে এখনো ২০১৩-১৪ এর প্রতিবেদন ওঠেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আহসান বলেন, প্রতিবেদন তৈরির কাজে প্রায়ই তাঁর এ ধরনের তথ্যের প্রয়োজন হয়। কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে না বলে সংগ্রহ করতে কষ্ট হয়। অনেক ক্ষেত্রেই পুরোনো তথ্য দিয়েই কাজ চালাতে হয়।
সংবাদ তৈরির কাজে প্রায়ই সরকারি বিভিন্ন ওয়েবসাইটের শরণাপন্ন হতে হয় গণমাধ্যমকর্মী আলামিন খানকে। তিনি বললেন, সরকারি অনেক ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। কারণ বেশির ভাগ ওয়েবসাইটের অনেক জায়গা জুড়ে সরকার, মন্ত্রণালয়ের গুণকীর্তন থাকে। ফলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। পাওয়া যায় না হালনাগাদ তথ্যও।

গত ২২ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে, সেখানে আপিল কর্তৃপক্ষ নামে একটি বিভাগ আছে। কিন্তু কী বিষয়ে, কোথায়, কীভাবে আপিল করা যাবে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। এ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একটি বিভাগ আছে। ওই বিভাগে ‘মাতৃপিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম’ এবং ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নের জাতীয় কর্মপরিকল্পনা’ বিভাগ আছে। সেখানে ক্লিক করলে যে ফাইল খোলে তাতে ফন্ট বা অক্ষর ভেঙে যাওয়ার কারণে পড়া যায় না। ‘প্রকল্পসমূহের মাসিক অগ্রগতির প্রতিবেদন’ নামের বিভাগটি গত জানুয়ারির মাসের পর হালনাগাদ করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় আছে। তবে বাংলা অংশের অনেক বিভাগে ইংরেজিতে তথ্য দেওয়া আছে। এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘সাম্প্রতিক খবর’ নামে একটি বিভাগ রয়েছে। এ বিভাগের খবরগুলো ইংরেজিতে। এটি সর্বশেষ হালনাগাদ করা ২০১৩ সালের ১৪ এপ্রিল।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটটিও সম্পূর্ণ ইংরেজিতে। এখানে দেওয়া সব তথ্যও ইংরেজিতে। যেমন সারা দেশের মাসিক অপরাধের পরিসংখ্যান। এ ছাড়া গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর মধ্যে পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের ওয়েবসাইটটি ইংরেজিতে। তবে মূল পাতা সম্পূর্ণ ইংরেজিতে হলেও এ ওয়েবসাইটের অনেক বিভাগে বাংলায় তথ্য রয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ওয়েবসাইটটিও ইংরেজিতে, বাংলা নেই। আর এখানে গবেষণা ও প্রশিক্ষণ নিয়ে সামান্য তথ্যই আছে।
জাতীয় মানবাধিকার কমিশন ওয়েবসাইটটি ইংরেজিতে। এখানে অভিযোগ করার জন্য একটি বিভাগ আছে। কাউকে অভিযোগ করতে হলে লগইন করতে হয়। কিন্তু গত ২২ ও ২৩ মার্চ একাধিকবার চেষ্টা করেও ওই বিভাগে লগইন করা যায়নি।

খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেল ভিন্ন চিত্র। এ ওয়েবসাইটটির মূল পাতা বাংলায়। কিন্তু মূল পাতায় বিভাগুলোর নামও বাংলায় আছে। কিন্তু ‘খাদ্য নিরাপত্তা পরিকল্পনা’ নামে একটি বিভাগের ভেতরে ঢুকে দেখা গেল, ‘স্টেটমেন্ট’ ও ‘খাদ্য নিরাপত্তায় অংশীদার’ নামে দুটি অংশ ইংরেজিতে দেওয়া আছে।
পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে ‘এনফোর্সমেন্ট’ বিভাগে পিডিএফ এবং এমএস ওয়ার্ড ফাইল আকারে দেওয়া আছে। কিন্তু সর্বশেষ কয়েকটি ফাইল ডাউনলোড করে খোলা যায়নি। আর যেসব ফাইল খোলা গেছে সেগুলো পড়া যাচ্ছিল না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় দেখা গেলেও এর বেশ কিছু বিভাগের বিস্তারিত ইংরেজিতে দেওয়া আছে। যেমন প্রশ্নপত্র, বিবিএসের উইংসমূহ ইত্যাদি।
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের বাইরে থাকায় এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ওই বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার এ প্রসঙ্গে বলেন, হালনাগাদ না হওয়ার বিষয়টি সত্য। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে প্রোগ্রামার কিংবা সহকারী প্রোগ্রামার নিয়োগের কথা ভাবছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দায়িত্ব নিয়ে এটি করলে নিয়মিত হালনাগাদের কাজটি সহজ হয়। আর ইংরেজির পাশাপাশি বাংলায় ওয়েবসাইট থাকার নির্দেশনা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই।