হালিম আজাদের বক্তব্য বিকৃত করায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ডিসেম্বর ত্বকী মঞ্চের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাংলা) উপপ্রধান বার্তা সম্পাদক ও কবি হালিম আজাদের বক্তব্যকে বিকৃতভাবে প্রকাশ করার অভিযোগে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাতে এ বিবৃতি দেওয়া হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ করছি, হালিম আজাদ যা বলেননি, তা প্রচার করে ব্যবসায়ীদের উত্তেজিত করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রের বিরুদ্ধে সব সময় সোচ্চার। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে সমালোচনার অভিযোগ উদ্দেশ্যমূলক।’ ত্বকী হত্যার বিচার করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সহায়তা চেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রথম যাঁরা প্রতিবাদ মিছিল করেছেন, হালিম আজাদ ছিলেন তাঁদের অগ্রভাগে। অথচ যারা আজকে হালিম আজাদের নামে মিথ্যাচার করছে, তারা সেদিন গাড়িতে চড়ে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছিল। ’৭৭ ও ’৭৮ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ও বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে দুটি কবিতাগ্রন্থ সম্পাদন করেছেন হালিম আজাদ। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে হালিম আজাদকে চাকুরিচ্যুত করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপার সাংসদ, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানের বিরুদ্ধে কটূক্তি ও প্রধানমন্ত্রীর কথিত সমালোচনার অভিযোগ তোলা হয়েছে। এ অভিযোগে হালিম আজাদকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে আজ বুধবার সমাবেশ ডেকেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন।
তবে কবি হালিম আজাদ বলেন, ‘ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের কাছে উদ্দেশ্যমূলকভাবে আমার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বা তাঁরা আমার বক্তব্য সঠিকভাবে শোনেননি। আমি প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা করিনি। এ ধরনের অভিযোগ তোলা ষড়যন্ত্রমূলক।’