হালিমকে সংবর্ধনা দিল ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে গিনেস রেকর্ডের দুই সনদ হাতে আবদুল হালিম l ছবি: প্রথম আলো
সংবর্ধনা অনুষ্ঠানে গিনেস রেকর্ডের দুই সনদ হাতে আবদুল হালিম l ছবি: প্রথম আলো

পরশু রাতে মাগুরার প্রত্যন্ত গ্রাম ছয়ঘরিয়া থেকে ঢাকায় এসেছেন নাসিমা বেগম। উদ্দেশ্য, স্বামী আবদুল হালিমের অনন্য কীর্তির উদ্‌যাপনে সঙ্গী হওয়া। কিন্তু যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ের পাতায় নাম উঠেছে হালিমের, সেটি সম্পর্কে কিছুই জানেন না নাসিমা। তবে এটুকু জানেন কীর্তিটা শুধু তাঁকেই গর্বিত করেনি, পুরো বাংলাদেশই গর্বভরে উচ্চারণ করছে হালিমের নাম।
দু-দুটি গিনেস রেকর্ডসের সার্টিফিকেট এখন হালিমের হাতে। বাংলাদেশের প্রথম নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুর পর হালিমের হাতে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট। এমন বিরল কীর্তি গড়ায় কাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে হালিমকে ফুলেল সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। সঙ্গে উপহার পেয়েছেন নগদ দেড় লাখ টাকা, একটি মুঠোফোন সেট।
হালিম গত বছর মাথায় বল নিয়ে রোলার স্কেটিং করে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেন মাত্র ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে! ২৫ এপ্রিল গিনেস সার্টিফিকেটে হাতে পেয়েছেন এই কৃতিত্বেই। এর আগে হালিম ২০১১ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাথায় নিয়ে হেঁটেছিলেন ১৫ দশমিক ২ কিলোমিটার পথ। ২ ঘণ্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেদিন করেন প্রথম গিনেস রেকর্ডটি। এই দুটি রেকর্ড উপলক্ষেই তাঁকে সম্মাননা দিল ওয়ালটন।
হালিমের পাশে আগেই দাঁড়িয়েছে ওয়ালটন। কাল ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান নিজের বেতনের এক মাসের টাকা হালিমের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল তাঁকে একটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।