হালিমা কি এভাবেই জেলে থাকবেন?

তাঁর বিরুদ্ধে একটা মামলা আছে বটে, কিন্তু পুলিশ কোনো তথ্য আদায় করতে পারেনি। কারণ তিনি নিজের নামটি ছাড়া কিছুই বলতে পারেন না। গ্রেপ্তার হওয়ার পর জামিনও হয়নি।
এভাবে কারাগারে আছেন ছয় বছর ধরে। এ পর্যন্ত কেউ তাঁর কাছে আসেনি, কেউ কোনো খোঁজখবর নেয়নি। এভাবেই তাঁর মামলা চলছে, তিনিও কারাভোগ করে চলেছেন।
বৃদ্ধ এই নারীর নাম হালিমা খাতুন। টানা কয়েক বছর তাঁর পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। গত বছর আইনগত সহায়তা দিতে শুরু করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
সংস্থাটি হালিমার মানসিক ভারসাম্যহীনতার কথা আদালতকে জানালেও মেলেনি জামিন। তাই তারাও আর তাঁর মামলার খোঁজ রাখে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃদ্ধ হালিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ। তাঁর বাড়ির ঠিকানা বা আত্মীয়স্বজনের নামও জানাতে পারেননি। মানসিক ভারসাম্যহীনতার কারণ দেখিয়ে আদালতে জামিনও চেয়েছি। কিন্তু আদালত তাঁর জামিন দেননি। এ কারণে এখন আর মামলার খোঁজখবর রাখি না।’
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর সবুজবাগের একটি বাসার শিশুকে হালিমা কোলে তুলে হাঁটতে শুরু করেন। তখন শিশুটির মা পাচারকারী বলে চিৎকার দিলে শিশুটিকে ফেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপর স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে তাঁর বিরুদ্ধে শিশু পাচারের অপরাধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আর তা আমলে নিয়ে ২০১১ সালের ৬ জানুয়ারি বিচার শুরু করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫। কয়েক বছরে ১৪ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। অথচ তাঁকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে ৪৩ বার।
গত বৃহস্পতিবার হালিমাকে আদালতে হাজির করা হয়। আদালত এলাকায় তাঁর নাম-ঠিকানা জানতে চাওয়া হলে কেবল নামটি বলেন। কিন্তু স্থায়ী ঠিকানা বলতে পারেননি। আদালতের হাজতখানার পুলিশ কর্মকর্তারাও জানান তাঁর অসংলগ্ন কথাবার্তার কথা। নথিপত্রে থাকা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়ার দিন থেকে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পুলিশ তাঁর নাম-ঠিকানা বের করার জন্য এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তদন্ত প্রতিবেদনে পুলিশ বলছে, হালিমার সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এরপর তাঁকে মানসিক হাসপাতালেও চিকিৎসা করানো হয়। কিন্তু তিনি তাঁর পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা জানাতে পারেননি। তবে ২০১০ সালের এক চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছিল, ‘তখন তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন।’
এ প্রসঙ্গে আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর স্বপন প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা তখন বলেছিলেন, তিনি মানসিকভাবে সুস্থ। বর্তমানে তিনি মানসিকভাবে অসুস্থ কি না, তা মানসিক বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন।
এসব বিষয় জানানো হলে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, সত্যিই এটা দুঃখজনক ঘটনা। ছয় বছর ধরে জেলে আছেন বৃদ্ধা হালিমা। আইন নারী-শিশুর জামিন পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার দিয়েছে। আমরা হালিমাকে আইনগত সহায়তা দেব। তাঁর জামিনের জন্য আদালতে আবেদনও করব। ঠিকানাও বের করার চেষ্টা করব।