হালিমার ভালোবাসার মানুষটি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিদিন ভোরে উঠে প্রতিবন্ধী স্বামীকে নামাজের জন্য অজু করানো। এরপর সকালে নাশতা খাওয়ানো, দুপুরে গোসল করানো, কাপড় পরানো, আর রাতে তাঁকে পিঠে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ানো।
হাসিমুখে এসব করতেন হালিমা বেগম (৫২)। এখন আর তাঁকে এগুলো করতে হবে না। কারণ তাঁর ভালোবাসার মানুষ স্বামী আমজাদ আলী (৬০) আর নেই। গত শনিবার তিনি নিজ বাড়িতে মারা গেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামের বাসিন্দা হালিমা ও আমজাদ। ৩৭ বছর আগে তাঁদের বিয়ে হয়। দুজনই অন্যের বাড়িতে কাজ করতেন। জমানো টাকায় ৩০ শতাংশ আবাদি জমি কেনেন। কিন্তু ২০০৫ সালে ‘বারজার’ রোগের কারণে আমজাদের ডান পা কেটে ফেলতে হয়। এক পায়ে ভর করে কিছুটা চলতে-ফিরতে পারতেন। কিন্তু চার বছরের ব্যবধানে দুই পা-ই কোমর পর্যন্ত কেটে ফেলতে হয়। এরপরও হাসিমুখে স্বামীর সেবাযত্ন করে আসছিলেন হালিমা।
এ কাহিনি নিয়ে ২০১৫ সালে বিশ্ব ভালোবাসা দিবসে প্রথম আলোয় ‘হালিমার ভালোবাসার গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের অনেকেই পরিবারটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
শনিবার রাত আড়াইটার দিকে আমজাদের মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন না স্ত্রী হালিমা। ছিলেন মেয়ের বাড়িতে। হালিমা বলেন, ‘আমাকে জোর কইরা মেয়ের বাড়ি পাডাইছিল। রাতেই খবর পাইয়া ভোরবেলায় বাড়ি আইয়া দেহি, স্বামী আর নাই।’ এ বলেই বিলাপ শুরু করেন তিনি।
গতকাল রোববার দুপুরে রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রানীগাঁও কবরস্থানে আমজাদের লাশ দাফন করা হয়।