
সময়ের সঙ্গে ইফতার আয়োজনে যোগ হয়েছে হালিম। দিনে দিনেই বাড়ছে হালিমের জনপ্রিয়তা। রেস্তোরাঁর পাশাপাশি ঘরেও এখন তৈরি হয় খাবারের এই পদটি। তবে স্বাদের বৈচিত্র্যের জন্য অনেকেই বেছে নেন রেস্তোরাঁর হালিম। আবার রেস্তোরাঁ ভেদে রয়েছে স্বাদের ভিন্নতা।
গরু-মুরগি ও খাসির মাংস দিয়ে তৈরি করা হয় গো-মু-খা হালিম। নগরের জিইসি মোড় এলাকার ‘হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোর’ ইফতারির নানা পদের মধ্যে হালিমের এই পদটির জনপ্রিয়তা বেশ। এখানে গো-মু-খা হালিমের জন্য ভিড় জমান ক্রেতারা। প্রতি কেজি হালিম বিক্রি হয় ৫৫০ টাকায়।
রেস্তোরাঁ ব্যবস্থাপক মাজহারুল হক বলেন, প্রতিদিন গো-মু-খা হালিমই বিক্রি হয় ৬০ কেজি। এ ছাড়াও প্রতি কেজি চিকেন ও মাটন হালিম মিলবে ৫৫০ টাকায়।
নগরের বিভিন্ন এলাকা ঘুরে হালিম তৈরির উপকরণ, গুণগত মান, স্বাদ ও দরদামে ভিন্নতা পাওয়া যায়। গরীবুল্লাহ শাহ মাজার এলাকার ‘হান্ডি’ রেস্তোরাঁয় প্রতি কেজি মাটন ও চিকেন ৫৫০ এবং বিফ হালিম পাওয়া যায় ৫০০ টাকায়। আবার তারকা হোটেল পেনিনসুলার রেস্তোরাঁয় প্রতি কেজি চিকেন হালিম ৩৭৯ ও মাটন হালিম মিলবে ৪৫০ টাকায়।
গত বুধবার পেনিনসুলায় কথা হয় খুলশী এলাকার বাসিন্দা মীর শফিউল্লাহের সঙ্গে। তিনি বলেন, ‘ইফতারে আমার বাসায় হালিমের পদ থাকেই।’ এদিকে কাজীর দেউড়ির স্টেডিয়ামপাড়ার হল টোয়েন্টিফোরে প্রতি কেজি মাটন ৪৫০ ও চিকেন হালিম পাওয়া যাচ্ছে ৪৩০ টাকায়। দেওয়ানবাজার এলাকার ইকবাল সুইটমিটে প্রতি কেজি মাটন ৫০০ ও চিকেন হালিম মিলবে ৪৮০ টাকায়। প্রতি কেজিতে ৪০০ টাকা খরচ করে নাসিরাবাদের হোটেল লর্ডস ইন থেকে কেনা যাবে ইরানি হালিম। নগরের দুই নম্বর গেট এলাকার আফগান রেস্তোরাঁয় এক কেজি বিশেষ আফগানি চিকেন ও মাটন হালিম পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়।