হালিমের খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আবদুল হালিমের (৩৫) খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী।
গতকাল রোববার বেলা ১২টার দিকে হরিরামপুরের বলড়া বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানায়, গত রোববার রাতে মোটরসাইকেলসহ হালিম নিখোঁজ হন। মঙ্গলবার হরিরামপুরের আন্ধারমানিক গ্রাম থেকে হালিমের মোটরসাইকেলসহ সমীর হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসী। বুধবার বিকেলে হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সমীর স্বীকার করেন, মোটরসাইকেলের ভাড়াসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি, আবদুর রাজ্জাকসহ কয়েকজন হালিমকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই দিন রাতে সদর উপজেলার শানবান্ধা গ্রাম থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।