হালিশহরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নগরের হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুদ চৌধুরী নামে চট্টগ্রাম কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে হালিশহরের জে ব্লকের ইবনে সিনা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ চৌধুরী সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার আনোয়ার চৌধুরীর ছেলে। তিনি হালিশহর জে ব্লকের বিডিআর মাঠসংলগ্ন এলাকায় বসবাস করতেন। মাসুদ চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাসের ছাত্র। এ ঘটনায় নিহতের চাচা নওয়াব আলী চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত-আটজন যুবককে আসামি করা হয়। ১ নম্বর আসামি মহিউদ্দিন কাদেরের সঙ্গে বাগিবতণ্ডার সূত্র ধরে মাসুদকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ জানায়। হালিশহর থানা পুলিশের বিবরণ অনুযায়ী, রাত নয়টার দিকে মাসুদ জে ব্লক এলাকায় তাঁর বন্ধু পান্নার দোকান ‘পান্না স্টোরে’ বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাওনা টাকা নিয়ে দোকানি পান্নার সঙ্গে স্থানীয় আরেক যুবক মহিউদ্দিন কাদেরের তর্ক হয়। মাসুদ দোকানির পক্ষ নিয়ে মহিউদ্দিনের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, তর্ক করে চলে যাওয়ার ঘণ্টা খানেক পর মহিউদ্দিন দলবল নিয়ে আবার ওই দোকানে আসেন। এ সময় দোকানি পান্না বাইরে ছিলেন। দোকানে মাসুদকে পেয়ে মহিউদ্দিন ও তাঁর লোকজন কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মাসুদের বুকে দুটি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় মাসুদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।